ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক নিয়ে আলোচনায় সাধারণত নজর যায় সামরিক শক্তি, বাণিজ্য, প্রযুক্তি প্রতিযোগিতা বা তাইওয়ান প্রশ্নে। কিন্তু সাম্প্রতিক মার্কিন-চীন শীর্ষ বৈঠক আবারও মনে করিয়ে দিল, আধুনিক ভূরাজনীতিতে শুধু নীতিই নয়, সেই নীতিকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে— সেটিও সমান গুরুত্বপূর্ণ। বরং অনেক ক্ষেত্রে ভাষা ও বার্তার নির্মাণই বাস্তবতার ধারণাকে প্রভাবিত করে।
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর এক মার্কিন সমর্থক উচ্ছ্বাসের সঙ্গে লিখেছিলেন, শি নাকি “ঘর স্তব্ধ করে দিয়েছেন” যখন তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের “প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত।” অনেকের কাছে এটি ছিল চীনের পক্ষ থেকে আমেরিকার প্রতি নতুন সম্মানের ইঙ্গিত। কিন্তু এই প্রতিক্রিয়া দেখায়, চীনের কূটনৈতিক বার্তার গভীরতা এখনও পশ্চিমা জনমতের একটি বড় অংশ পুরোপুরি বুঝতে পারছে না।
আসলে “অংশীদারিত্ব”-এর ভাষা নতুন কিছু নয়। বহু বছর ধরেই বেইজিং নিজেকে সহযোগিতার প্রবক্তা হিসেবে তুলে ধরছে। শি জিনপিং বারাক ওবামার সময়েও “নতুন ধরনের মহাশক্তির সম্পর্ক”-এর ধারণা সামনে এনেছিলেন। কিন্তু সেই প্রস্তাবের অন্তর্নিহিত অর্থ ছিল আরও সূক্ষ্ম: বিশ্ব রাজনীতিতে চীন ও যুক্তরাষ্ট্র যেন একধরনের যৌথ অভিভাবকত্ব গড়ে তোলে, যেখানে অন্য দেশগুলোর স্বতন্ত্র অবস্থান বা কৌশলগত স্বাধীনতা গৌণ হয়ে পড়ে।
চীনের কূটনৈতিক ভাষা তাই সবসময় সরল অর্থে পড়া যায় না। “সম্মান”, “সহযোগিতা” বা “স্থিতিশীলতা”— এসব শব্দের আড়ালে প্রায়ই থাকে প্রভাব বিস্তারের প্রচেষ্টা। তাইওয়ান প্রশ্নে সেটি বিশেষভাবে স্পষ্ট। বেইজিং ধারাবাহিকভাবে তাইওয়ানের নির্বাচিত সরকারকে “বিচ্ছিন্নতাবাদী” হিসেবে তুলে ধরে এবং যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করে যে উত্তেজনার জন্য মূলত তাইপেই দায়ী। এই ভাষা শুধু আন্তর্জাতিক জনমতের জন্য নয়, আমেরিকান নীতিনির্ধারকদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলতে তৈরি।
চীন এখানেই থেমে থাকে না। জাপানসহ এশিয়ার অন্যান্য মার্কিন মিত্রদেরও প্রায় একইভাবে উপস্থাপন করা হয়— যেন তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, আর বেইজিং কেবল প্রতিক্রিয়া জানাচ্ছে। এই কাঠামোটি অত্যন্ত পরিকল্পিত। কারণ যে পক্ষ আলোচনার ভাষা নিয়ন্ত্রণ করতে পারে, অনেক সময় বাস্তবতার ব্যাখ্যাটিও তার হাতেই চলে যায়।
শীতল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব ধরে নিয়েছিল, তারা “ভালো পক্ষ”, ফলে তাদের বক্তব্য স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হবে। তখন গণমাধ্যম নেটওয়ার্ক, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক প্রচারণা— সবকিছু মিলিয়ে পশ্চিমা বার্তা প্রচারের শক্তিশালী অবকাঠামো ছিল। কিন্তু সময় বদলেছে। এখন শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তি যথেষ্ট নয়; বর্ণনাকে প্রভাবিত করার ক্ষমতাও সমান জরুরি।

চীন এই পরিবর্তনটি দ্রুত বুঝেছে। উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরে তারা এমন এক অবস্থান তৈরি করেছে, যেখানে বহু দেশ পশ্চিমা সমালোচনার চেয়ে চীনা বক্তব্যকে বেশি সহানুভূতির চোখে দেখে। এর পেছনে শুধু চীনের প্রচারণা নয়, বরং যুক্তরাষ্ট্রেরও দীর্ঘদিনের নীতিগত ভুল রয়েছে। ওয়াশিংটন যখন বহু দেশের উদ্বেগ উপেক্ষা করেছে, তখন বেইজিং সেই শূন্যস্থান কাজে লাগিয়েছে।
এই প্রক্রিয়াকে আজকের কৌশলগত ভাষায় বলা হয় “স্ট্র্যাটেজিক কমিউনিকেশন”। অর্থাৎ তথ্য ও ভাষার এমন ব্যবহার, যা প্রতিপক্ষের চিন্তা ও নীতিগত বিকল্পকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে “কনটেইনমেন্ট” বা “নিয়ন্ত্রণনীতি” শব্দটির কথাই ধরা যায়। শীতল যুদ্ধের সময় এটি ছিল সোভিয়েত প্রভাব মোকাবিলার একটি স্বীকৃত কৌশল। কিন্তু চীন সফলভাবে এই শব্দটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করতে শুরু করেছে। এখন এশিয়ার কোনো দেশ নিজেদের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিলেও বেইজিং সেটিকে “চীনকে ঘিরে ফেলার চেষ্টা” হিসেবে তুলে ধরে।
এর ফলে আঞ্চলিক দেশগুলো প্রায়ই প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যায়। তারা নিজেদের নিরাপত্তা উদ্যোগের জন্যও ব্যাখ্যা দিতে বাধ্য হয়, যেন চীনের অস্বস্তি তৈরি করাই তাদের উদ্দেশ্য। বাস্তবে এটি চীনের জন্য বড় কৌশলগত সাফল্য।
তাইওয়ান প্রশ্নে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো “অনিবার্যতা”-র ভাষা। বেইজিং প্রায়ই বলে, মূল ভূখণ্ড ও তাইওয়ানের “পুনর্মিলন” অবশ্যম্ভাবী। এই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব গভীর। কারণ এতে তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষের গণতান্ত্রিক মতামত কার্যত অদৃশ্য হয়ে যায়। তাদের যেন ইতিহাসের স্রোতে ভেসে যাওয়া একটি নিষ্ক্রিয় জনগোষ্ঠী হিসেবে উপস্থাপন করা হয়।
অবশ্য অনেকেই মনে করেন, ডিজিটাল যুগে কোনো রাষ্ট্র পুরোপুরি বর্ণনা নিয়ন্ত্রণ করতে পারে না। তথ্যের বিচ্ছিন্নতা, সামাজিক যোগাযোগমাধ্যম ও বহুমাত্রিক রাজনৈতিক বিতর্কের কারণে শেষ পর্যন্ত সত্য টিকে থাকে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক রাজনীতি সেই আশাবাদকে সবসময় সমর্থন করে না। আজকের বিশ্বে বহু ক্ষেত্রেই রাজনৈতিক বক্তব্য বাস্তবতার চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠছে।
চীন এই খেলা কখনও সূক্ষ্মভাবে, কখনও প্রতীকী ইঙ্গিতের মাধ্যমে খেলছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামের চীনা বানান পরিবর্তনের ঘটনাও ছিল তেমন এক বার্তা। বাইরে থেকে সেটি হাস্যরসাত্মক মনে হলেও, চীনা ভাষাভাষী শ্রোতাদের কাছে এর মধ্যে অবমাননার সূক্ষ্ম ইঙ্গিত ছিল। অর্থাৎ কূটনৈতিক ভাষা শুধু আনুষ্ঠানিক বিবৃতিতে নয়, প্রতীক ও সাংস্কৃতিক সংকেতেও কাজ করে।
এই বাস্তবতায় সবচেয়ে বড় শিক্ষা হলো— আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা এখন কেবল অর্থনীতি বা সামরিক শক্তির প্রশ্ন নয়। যে রাষ্ট্র নিজের ভাষা, ধারণা ও বর্ণনাকে গ্রহণযোগ্য করে তুলতে পারে, সে-ই দীর্ঘমেয়াদে কৌশলগত সুবিধা পায়। আর সেই কারণেই আজ চীনের বার্তা অনেক সময় তার নীতির চেয়েও শক্তিশালী হয়ে উঠছে।
ব্র্যাড গ্লসারম্যান 



















