কর্মসংস্থানের কথা উঠলেই সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে শিল্পাঞ্চল, করপোরেট অফিস কিংবা দ্রুত বিস্তৃত নগর অর্থনীতি। কিন্তু উন্নয়নের বাস্তবতা অনেক বেশি বিস্তৃত। এমন অসংখ্য পেশা রয়েছে, যেগুলো শহরের কংক্রিটের ভেতরে নয়, বরং বন, পাহাড়, নদী ও কৃষিজমির সঙ্গে গভীরভাবে যুক্ত। এই কাজগুলো শুধু মানুষের জীবিকা নিশ্চিত করে না; একই সঙ্গে পানি, বনভূমি এবং পরিবেশগত সম্পদকে টিকিয়ে রাখে, যার ওপর একটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে।
ডোমিনিকান প্রজাতন্ত্রের অভিজ্ঞতা দেখায়, পরিবেশ সংরক্ষণকে কেবল প্রকৃতি বা জীববৈচিত্র্যের প্রশ্ন হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে একটি অর্থনৈতিক কৌশল। যে দেশ তার বন, সংরক্ষিত এলাকা এবং প্রাকৃতিক সম্পদকে মূল্য দেয়, সে দেশ নতুন ধরনের কর্মসংস্থানও সৃষ্টি করতে পারে। ফলে বন রক্ষা ও আয় বৃদ্ধি—দুটি লক্ষ্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং একে অন্যের পরিপূরক।
প্রকৃতিনির্ভর কর্মসংস্থানের শক্তি
প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কাজের পরিধি অনেক বিস্তৃত। বনরক্ষী, বন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, পরিবেশভিত্তিক পর্যটন গাইড, চারা উৎপাদনকেন্দ্রের উদ্যোক্তা কিংবা স্থানীয় পরিবেশ ব্যাখ্যাকারী—সবাই এই অর্থনীতির অংশ। এসব পেশা স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং নিজ এলাকার প্রতি দায়বদ্ধতার ওপর দাঁড়িয়ে আছে।
ডোমিনিকান প্রজাতন্ত্রের সংরক্ষিত এলাকাগুলোতে প্রতি বছর লাখো পর্যটক আসেন। একজন পর্যটকের উপস্থিতি শুধু প্রবেশমূল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে যুক্ত হয় আবাসন, খাদ্যসেবা, পরিবহন, স্থানীয় হস্তশিল্প এবং গাইড সেবার মতো বহু খাত। ফলে প্রকৃতিভিত্তিক পর্যটন একটি সম্পূর্ণ স্থানীয় অর্থনৈতিক চক্র তৈরি করে।
অনেক গ্রামীণ অঞ্চলে একসময় তরুণদের সামনে উন্নত জীবনের একমাত্র পথ ছিল শহরমুখী হওয়া। কিন্তু সঠিক পরিকল্পনায় পরিচালিত পরিবেশভিত্তিক পর্যটন সেই বাস্তবতা বদলে দিতে পারে। এটি স্থানীয় মানুষকে নিজ এলাকায় থেকে কাজ করার সুযোগ দেয় এবং গ্রামীণ অর্থনীতিকে নতুন প্রাণ জোগায়।
বন সংরক্ষণে প্রণোদনা কেন গুরুত্বপূর্ণ
প্রকৃতি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে এমন নীতি চালু হয়েছে, যেখানে পরিবেশ সংরক্ষণের ফলাফলের সঙ্গে অর্থনৈতিক প্রণোদনা যুক্ত করা হয়েছে। বন উজাড় কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে অর্জিত সাফল্যের ভিত্তিতে অর্থায়নের ব্যবস্থা তার একটি উদাহরণ।
এই ধরনের উদ্যোগের বড় সুবিধা হলো, অর্থ সরাসরি সেইসব সম্প্রদায়ের কাছে পৌঁছায় যারা বাস্তবে বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, নতুন সরঞ্জাম এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—সবকিছুই তখন পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে সংরক্ষণ আর কেবল একটি নৈতিক দায়িত্ব থাকে না; এটি স্থানীয় উন্নয়নেরও অংশ হয়ে ওঠে।
কফি চাষ, নারী এবং টেকসই অর্থনীতি
ডোমিনিকান প্রজাতন্ত্রে হাজার হাজার পরিবার কফি চাষের ওপর নির্ভরশীল। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কফি উৎপাদন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়; এটি বন সংরক্ষণ, জলাধার রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত।
টেকসই কৃষি পদ্ধতি কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ক্ষতিও কমায়। ফলে কৃষি ও সংরক্ষণের মধ্যে যে সংঘাতের কথা প্রায়ই বলা হয়, বাস্তবে অনেক ক্ষেত্রে তা সহযোগিতামূলক সম্পর্কেও পরিণত হতে পারে।
এখানে নারীদের ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তারা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সক্রিয় থাকলেও অর্থনৈতিক সুবিধার বড় অংশ তাদের নাগালের বাইরে ছিল। কিন্তু বাজারে প্রবেশাধিকার, প্রশিক্ষণ, হিসাব ব্যবস্থাপনা এবং উৎপাদন অনুসরণব্যবস্থার মতো সুযোগ বাড়ার ফলে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা যেমন বাড়ছে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি তৈরি হচ্ছে।
দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি
প্রকৃতিনির্ভর কর্মসংস্থানের সবচেয়ে বড় শক্তি হলো এর স্থায়িত্ব। একটি কারখানা বন্ধ হয়ে যেতে পারে, কোনো বিনিয়োগ স্থানান্তরিত হতে পারে, কিন্তু সঠিকভাবে সংরক্ষিত বন বহু বছর ধরে পানি, কৃষি, পর্যটন এবং কর্মসংস্থানের উৎস হয়ে থাকতে পারে।
এ ধরনের বিনিয়োগের সুফল কেবল বর্তমান প্রজন্ম ভোগ করে না; ভবিষ্যৎ প্রজন্মও এর সুবিধা পায়। দক্ষতা তৈরি হয়, স্থানীয় প্রতিষ্ঠান শক্তিশালী হয় এবং প্রাকৃতিক সম্পদও সংরক্ষিত থাকে। অর্থাৎ পরিবেশ ও অর্থনীতির মধ্যে কৃত্রিম বিভাজন টেনে উন্নয়নকে বোঝার সময় শেষ হয়ে এসেছে।
আজকের বিশ্বে উন্নয়নের প্রশ্নকে নতুনভাবে ভাবার প্রয়োজন রয়েছে। কর্মসংস্থান মানেই শুধু শিল্পাঞ্চল বা নগরায়ণ নয়। বন, কৃষি, পানি ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে যুক্ত কাজও সমানভাবে অর্থনৈতিক মূল্য তৈরি করে। প্রকৃতিকে রক্ষা করে যে কর্মসংস্থান গড়ে ওঠে, তা কোনো প্রান্তিক ধারণা নয়; বরং টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান। ভবিষ্যতের অর্থনীতি হয়তো সেখানেই সবচেয়ে দৃঢ় ভিত্তি খুঁজে পাবে।
ক্যারোলিনা রেনদোন ও ক্যাথারিনা সিগমান 


















