পাকিস্তান আবারও এমন এক নিরাপত্তা সংকটের মুখোমুখি, যা কেবল সীমান্ত বা আইনশৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ধারাবাহিক হামলা প্রমাণ করেছে, দেশটি আবারও সংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নতুন কৌশল, বিস্তৃত নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি শুধু প্রাণহানি বা নিরাপত্তা বাহিনীর ওপর চাপ বাড়ায় না; একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ, সামাজিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক সম্পর্ককেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়।
সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায়, হামলাগুলো বিচ্ছিন্ন নয়; বরং পরিকল্পিত এবং সমন্বিত। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের ওপর আক্রমণ ইঙ্গিত দেয় যে জঙ্গি সংগঠনগুলো তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের উদ্দেশ্য শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং সম্ভাব্য হামলাগুলো আগেই প্রতিহত করা।
বর্তমান নিরাপত্তা সংকটের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সব সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্য বা আদর্শ এক নয়। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রাষ্ট্রের অবকাঠামো ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি) ভিন্ন আদর্শিক ভিত্তিতে সক্রিয় থেকে দেশের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে। ২০২৬ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্সও দেখিয়েছে, গত এক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং টিটিপি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জঙ্গি সংগঠনগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে।
তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের একটি বড় অংশ সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। সংবাদমাধ্যমে বড় ধরনের হামলার খবর এলেও প্রতিদিন অসংখ্য সম্ভাব্য হামলা গোয়েন্দা সংস্থার তৎপরতায় নস্যাৎ হয়ে যায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, জঙ্গি নেটওয়ার্কে অনুপ্রবেশ এবং বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত সমন্বয়ের মাধ্যমে বহু হামলা বাস্তবায়নের আগেই প্রতিরোধ করা সম্ভব হয়। এসব সাফল্যের অধিকাংশই জনসমক্ষে আসে না, কিন্তু জাতীয় নিরাপত্তা রক্ষায় এগুলোর গুরুত্ব অপরিসীম।
গত এক দশকে পাকিস্তানের গোয়েন্দা সক্ষমতায়ও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় বেড়েছে, পাশাপাশি সাইবার নজরদারি, মানব গোয়েন্দা কার্যক্রম, ভূ-তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এসব উদ্যোগ সম্ভাব্য হুমকি দ্রুত শনাক্ত করতে সহায়তা করছে।

তবু বাস্তবতা হলো, প্রযুক্তিগত উন্নতি কিংবা সামরিক অভিযান একাই সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না। বর্তমান সময়ের জঙ্গি সংগঠনগুলো বিকেন্দ্রীভূত কাঠামোয় পরিচালিত হয়। তারা এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে, অনলাইন প্ল্যাটফর্মে নতুন সদস্য সংগ্রহ করে, ডিজিটাল প্রচারণা চালায়, অবৈধ অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তোলে এবং সীমান্ত অতিক্রম করে সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে। ফলে এই হুমকি মোকাবিলায় শুধু সামরিক শক্তি নয়, আঞ্চলিক সহযোগিতা এবং কার্যকর গোয়েন্দা তথ্য বিনিময়ও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই পরিবর্তিত বাস্তবতা উপলব্ধি করেই পাকিস্তান তার সন্ত্রাসবিরোধী কৌশলকে আরও বিস্তৃত করার চেষ্টা করছে। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে সন্ত্রাসে অর্থায়নের উৎস বন্ধ করা, অনলাইন উগ্রবাদী প্রচারণা পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করা এবং জঙ্গিদের লজিস্টিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ওপর। একই সঙ্গে ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি এবং প্রাদেশিক কাউন্টার টেররিজম বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে নিরাপত্তা কৌশলের আরেকটি অপরিহার্য উপাদান হলো জনসম্পৃক্ততা। নাগরিকরা যদি সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দেন, উগ্রপন্থী মতাদর্শ প্রত্যাখ্যান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের সক্ষমতা আরও শক্তিশালী হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং উগ্রবাদ প্রতিরোধমূলক কর্মসূচিতে বিনিয়োগ অপরিহার্য, বিশেষ করে সেই অঞ্চলগুলোতে যেখানে দারিদ্র্য, বৈষম্য ও দীর্ঘস্থায়ী অস্থিরতা চরমপন্থীদের প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি করে।
গত দুই দশকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যদের ত্যাগ দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানের অন্যতম ভিত্তি হয়ে আছে। বহু সদস্য প্রাণ দিয়েছেন এমন সব হামলা ঠেকাতে, যেগুলোর অনেকগুলোর কথাই জনসাধারণ কখনও জানতে পারেনি। এই বাস্তবতা স্মরণ করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ মোকাবিলা কেবল যুদ্ধক্ষেত্রের বিষয় নয়; এটি একটি দীর্ঘমেয়াদি জাতীয় প্রকল্প।
অবশেষে, সন্ত্রাসবাদকে স্থায়ীভাবে পরাজিত করতে হলে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। কার্যকর গোয়েন্দা তৎপরতা, দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা, আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এবং জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ—এই সবকিছুকে সমন্বিত করেই একটি টেকসই কৌশল গড়ে তুলতে হবে। কারণ নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ পাকিস্তানের ভিত্তি কেবল অস্ত্রের শক্তিতে নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতা ও সমাজের সম্মিলিত প্রতিরোধশক্তির ওপরই নির্ভর করে।
ফাইজা জাফর 



















