সমুদ্রের অন্যতম বুদ্ধিমান শিকারি অর্কা বা কিলার হোয়েলের আচরণ নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর এক তথ্য। গবেষকদের ধারণা, অর্কারা শুধু খাবারের জন্য নয়, কখনও কখনও আনন্দের জন্যও মৃত মাছ নিয়ে খেলতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই বিরল আচরণের প্রমাণ মিলেছে, যা সামুদ্রিক প্রাণীবিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য
গবেষণায় দেখা যায়, একদল অর্কা একটি বিশাল সানফিশের মৃতদেহ নিয়ে অদ্ভুতভাবে খেলছে। ভিডিওতে দেখা যায়, একটি অর্কা মাছটির লেজ ধরে রাখে। এরপর আরেকটি অর্কা প্রচণ্ড গতিতে এসে মাছটিকে আঘাত করলে সেটি ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।
গবেষকদের মতে, এটি হত্যার ঘটনা নয়, কারণ মাছটি আগেই মারা গিয়েছিল। তাদের ধারণা, বড় মাছকে ছোট ছোট অংশে ভাগ করে সহজে খাওয়ার জন্য এমনটি করা হতে পারে। আবার এটি নিছক খেলাধুলার অংশও হতে পারে।

বুদ্ধিমত্তার আরেকটি উদাহরণ
গবেষকেরা জানান, অর্কারা প্রায়ই তাদের শিকার ছিঁড়ে দলের অন্য সদস্যদের সঙ্গে ভাগ করে খায়। বিশেষ করে ছোট সদস্যদের শেখানোর ক্ষেত্রেও এমন আচরণ দেখা যায়। ফলে মৃত মাছকে টুকরো করার ঘটনাটি সামাজিক আচরণের অংশও হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, এই বিরল দৃশ্য দুটি পৃথক সময়ে সমুদ্রে পর্যবেক্ষণ করা হয় এবং পরে তা বিশ্লেষণ করে প্রকাশ করা হয়েছে।
সামাজিক সম্পর্কেও ইঙ্গিত
সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের মতে, মানুষের পারিবারিক ভোজে যেমন খাবার ভাগ করে নেওয়ার একটি সামাজিক দিক থাকে, অর্কাদের মধ্যেও তেমন কিছু থাকতে পারে। শুধু খাদ্য সংগ্রহ নয়, দলগত যোগাযোগ ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এই আচরণের গুরুত্ব থাকতে পারে বলে মনে করছেন তারা।
আগেও মিলেছে বিস্ময়কর আচরণের প্রমাণ

অর্কাদের অসাধারণ বুদ্ধিমত্তা নিয়ে এর আগেও নানা গবেষণা হয়েছে। তারা দলবদ্ধভাবে ঢেউ তৈরি করে বরফের ওপর থাকা সিলকে পানিতে ফেলে শিকার করতে পারে। এছাড়া মৃত মাছ মাথায় বহন করা কিংবা সামুদ্রিক শৈবাল ব্যবহার করে একে অপরের শরীর পরিষ্কার করার মতো আচরণও বিজ্ঞানীদের দৃষ্টি কেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব আচরণ প্রমাণ করে অর্কারা শুধু শক্তিশালী শিকারিই নয়, বরং অত্যন্ত জটিল সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী প্রাণী।
বিশাল আকৃতির সানফিশ
সানফিশ পৃথিবীর সবচেয়ে ভারী অস্থিযুক্ত মাছগুলোর একটি। এর ওজন প্রায় দুই হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। সমতল দেহ ও বড় পাখনার জন্য এটি সহজেই আলাদা করে চেনা যায়। গবেষকদের ভাষ্য, এত বড় ও শক্ত মাছকে টুকরো করে ফেলতে অর্কার আঘাতের শক্তি সত্যিই বিস্ময়কর।
সমুদ্রের এই নতুন পর্যবেক্ষণ অর্কাদের আচরণ, বুদ্ধিমত্তা এবং সামাজিক জীবন সম্পর্কে আরও গভীর গবেষণার পথ খুলে দিয়েছে।
সমুদ্রের বুদ্ধিমান শিকারি অর্কাদের নতুন আচরণে চমকে দিয়েছে গবেষণা। মৃত সানফিশ টুকরো করার ঘটনা তাদের সামাজিক ও বুদ্ধিমত্তার নতুন দিক তুলে ধরেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















