সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় মক্কা নিরাপত্তা চুক্তি পশ্চিম এশিয়ার বদলে যাওয়া কৌশলগত বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চুক্তিটি হঠাৎ করে তৈরি হয়নি; এর পেছনে কয়েক মাসের আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের চেষ্টা রয়েছে। ভারতের জন্য এর তাৎপর্য তাই কেবল পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও তুরস্কের ঘনিষ্ঠতা বাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রশ্নটি হলো—এই পরিবর্তিত পরিবেশে ভারত নিজের কৌশলগত অবস্থান কীভাবে পুনর্গঠন করবে।
চুক্তিটিকে কেউ ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এর কার্যকারিতা নিয়ে অতিরিক্ত সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি। মক্কা চুক্তি আগামী দিনে কতটা কার্যকর হবে, তা এখনই নিশ্চিত নয়। কিন্তু সেই অনিশ্চয়তাকে অজুহাত করে ভারত যদি পুরো বিষয়টি উপেক্ষা করে, সেটিই হবে বড় কৌশলগত ভুল।
চুক্তির ভিত কতটা শক্ত?
মক্কা চুক্তিকে নতুন কোনো ‘ইসলামিক ন্যাটো’ হিসেবে দেখার প্রবণতা অতিরঞ্জিত। ন্যাটোর মতো এই ব্যবস্থার পেছনে এমন কোনো একক শক্তি নেই, যে পুরো জোটকে সামরিক ও অর্থনৈতিকভাবে ধারণ করতে পারে। সৌদি আরব ও তুরস্কের মধ্যকার পুরোনো প্রতিদ্বন্দ্বিতাও পুরোপুরি মুছে যায়নি। অতীতে দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়েছে, পরে রাজনৈতিক প্রয়োজনেই আবার ঘনিষ্ঠতা ফিরেছে।
পাকিস্তানের অবস্থানও আলাদা। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য ইসলামাবাদ সৌদি ও তুর্কি সমর্থনকে কাজে লাগাতে চাইবে—এমন হিসাব অস্বাভাবিক নয়। ফলে তিন দেশের স্বার্থ একই জায়গায় মিলেছে কি না, সেটিই বড় প্রশ্ন।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো, কোনো সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার ঘোষণা। কিন্তু এই প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ কীভাবে হবে, তা স্পষ্ট নয়। চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ্যে না থাকায় প্রত্যেক দেশের সামরিক দায়বদ্ধতার পরিধি নিয়েও প্রশ্ন রয়েছে।
সৌদি আরব কি পাকিস্তানের হয়ে যুদ্ধ করবে?
বাস্তব সামরিক সক্ষমতার প্রশ্নটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব নিজেই সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও হুথি হামলার ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদ কতটা প্রস্তুত বা আগ্রহী থাকবে পাকিস্তানের জন্য সরাসরি যুদ্ধে জড়াতে—এটি সহজ প্রশ্ন নয়।
একইভাবে, পাকিস্তানও অতীতে সৌদি আরবের নিরাপত্তা-সংকটে সরাসরি সামরিক হস্তক্ষেপের বদলে কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার পথ বেছে নিয়েছে। তাই পারস্পরিক প্রতিরক্ষার ঘোষণা থাকলেই বাস্তবে সেনা পাঠানো হবে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ নয়।
তুরস্কের ক্ষেত্রেও একই ধরনের জটিলতা রয়েছে। ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের নিজস্ব নিরাপত্তা কাঠামো ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ফলে কোনো সংকটে সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সহায়তার ওপর তার নির্ভরতার প্রয়োজন কতটা, সেটিও প্রশ্নসাপেক্ষ।
আধুনিক যুদ্ধ বদলে দিয়েছে হিসাব
আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হলো—যুদ্ধ আর কেবল যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক সীমায় আটকে থাকে না। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিস্তারের ফলে দূরবর্তী দেশও দ্রুত সংঘাতের অংশ হয়ে যেতে পারে। কোনো দেশের হয়ে যুদ্ধে নামার অর্থ এখন শুধু সেনা পাঠানো নয়; এর অর্থ নিজের ভূখণ্ড, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও প্রতিপক্ষের হামলার ঝুঁকিতে ফেলা।
ইরানের সামরিক সক্ষমতা এই বাস্তবতাকে স্পষ্ট করেছে। প্রতিপক্ষের মিত্রদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে। ফলে ভারত-পাকিস্তান সংঘাত হলে সৌদি আরব বা তুরস্ক সরাসরি পাকিস্তানের পাশে সামরিকভাবে দাঁড়াবে কি না, তার উত্তর এতটা সরল নয়।
বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় নিতে হবে। পাকিস্তানের জন্য সেই সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে রিয়াদ কতটা দূর যাবে, সেটিই বড় প্রশ্ন। মক্কা চুক্তি কি সত্যিই সমান দায়িত্বের নিরাপত্তা জোট, নাকি পাকিস্তান নিরাপত্তা সহযোগিতার বিনিময়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা পাবে—এ প্রশ্নের উত্তর সময়ই দেবে।

তিন দেশের স্বার্থও এক নয়
চুক্তির প্রতি সংশয় তৈরি হওয়ার আরেকটি কারণ হলো তিন দেশের লক্ষ্য এক নয়। পাকিস্তান চাইছে অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন এবং নিজের দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় নতুন অংশীদার। সৌদি আরব চাইছে এমন নিরাপত্তা সহযোগিতা, যা তাকে আঞ্চলিক হামলার ঝুঁকির মধ্যে তুলনামূলকভাবে শক্ত অবস্থান দেবে।
তুরস্কের হিসাব আবার আরও বিস্তৃত। সৌদি অর্থায়নের মাধ্যমে নিজের প্রতিরক্ষা শিল্পের বাজার সম্প্রসারণের সুযোগ যেমন রয়েছে, তেমনি মুসলিম বিশ্বের রাজনীতিতে প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষাও রয়েছে। কিন্তু তুরস্কের এই উচ্চাকাঙ্ক্ষা সৌদি আরবের সঙ্গে সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হবে—এমন নিশ্চয়তা নেই। ইরানের সঙ্গেও তুরস্কের সম্পর্ক এই সমীকরণকে আরও জটিল করে।
অর্থাৎ, তিন দেশ একই চুক্তিতে থাকলেও তাদের কৌশলগত অগ্রাধিকার ভিন্ন। তাই এই জোট কতটা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে সংশয় স্বাভাবিক।
ভারতের সবচেয়ে বড় ভুল হবে অপেক্ষা করা
তবে এখানেই ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। চুক্তি দুর্বল হতে পারে—এই সম্ভাবনা সত্য হলেও, সেটি ভেঙে পড়বে ধরে নিয়ে বসে থাকা কোনো কৌশল হতে পারে না। পশ্চিম এশিয়ার পুরোনো নিরাপত্তা কাঠামো ইতিমধ্যে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশগুলো নতুন অংশীদার খুঁজছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সমীকরণ তৈরি করছে।
ভারতের নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে পশ্চিম এশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পুনর্বিন্যাসের বাইরে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই।
পরিস্থিতি আরও জটিল হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কের অনিশ্চয়তা এবং চীনের ক্রমবর্ধমান ভূমিকার কারণে। পাকিস্তান যদি সৌদি অর্থায়ন এবং তুরস্কের মাধ্যমে উন্নত ইউরোপীয় ও মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির সুবিধা পায়, তাহলে ভারতের নিরাপত্তা পরিবেশে তার প্রভাব পড়তে পারে। পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা ভারতের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে, কিন্তু জাতীয় নিরাপত্তার কৌশল কখনো প্রতিপক্ষের দুর্বলতার ওপর নির্ভর করে তৈরি করা যায় না।
ভারতের দরকার সক্রিয় জোটনীতি
এই পরিস্থিতিতে ভারতের উচিত পুরোনো দ্বিধা কাটিয়ে আঞ্চলিক নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন করে সাজানো। যেসব দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, কৌশলগত ও নিরাপত্তাগত স্বার্থের বাস্তব মিল রয়েছে, তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের নিরাপত্তা সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়া যেতে পারে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ও আর্মেনিয়ার মতো অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
একই সঙ্গে ইরানকেও ভারতের কৌশলগত হিসাবের বাইরে রাখা যাবে না। আঞ্চলিক শক্তির ভারসাম্যে তেহরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে একদিকে ভারতের ঘনিষ্ঠ অংশীদারদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং অন্যদিকে ইরানের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখা—দুটিই একসঙ্গে চালাতে হবে।
এটি সহজ কূটনীতি নয়। কিন্তু দক্ষ কূটনীতির মূল লক্ষ্যই হলো পরিবর্তিত বাস্তবতায় নিজের জাতীয় স্বার্থের জন্য সর্বোত্তম জায়গা তৈরি করা।
মক্কা চুক্তি টিকে থাকবে কি না, তা এখনই বলা কঠিন। পারস্পরিক স্বার্থের সংঘাত, সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এই জোটকে দুর্বল করতে পারে। কিন্তু ভারতের কৌশল এমন হতে হবে, যাতে চুক্তি সফল হলেও দেশটি অপ্রস্তুত না থাকে এবং চুক্তি ব্যর্থ হলেও নতুন আঞ্চলিক বাস্তবতায় তার অবস্থান শক্তিশালী থাকে।
শেষ পর্যন্ত বিষয়টি মক্কা চুক্তি টিকে থাকবে কি না—শুধু সেই প্রশ্নের নয়। আসল প্রশ্ন হলো, পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামো যখন বদলে যাচ্ছে, তখন ভারত কি দর্শকের ভূমিকায় থাকবে, নাকি নিজের স্বার্থ অনুযায়ী নতুন কৌশলগত ভারসাম্য গড়ে তুলবে।
সুশান্ত সারিন 



















