রাজধানীর বনানীর একটি হোটেলে ঘোষিত নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী পাঁচ বছরে তারা ২৬টি প্রধান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। দলটির আমির ডা. শফিকুর রহমান ইশতেহার উন্মোচন করে বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা, সমতা ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।
রাষ্ট্র ও সমাজ সংস্কারের অঙ্গীকার
ইশতেহারে তরুণদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। নারীদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা চালু এবং বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও রয়েছে। মৌলিক মানবাধিকার রক্ষা এবং কৃষি ও শিল্প খাতে বড় পরিসরে কর্মসংস্থান তৈরির কথাও তুলে ধরা হয়েছে।
দলটি দুর্নীতি, স্বৈরতন্ত্র, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।

অর্থনীতি, কৃষি ও পরিবেশে নতুন দৃষ্টিভঙ্গি
ইশতেহারে টেকসই ও স্বচ্ছ অর্থনীতি গড়ে তোলা, গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করা এবং কৃষিখাতে বিপ্লব ঘটানোর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি ‘তিন শূন্য’ লক্ষ্য—পরিবেশদূষণ শূন্যে নামিয়ে আনা, বর্জ্যহীন ব্যবস্থাপনা এবং বন্যাঝুঁকি শূন্যের কাছাকাছি আনা—বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতৃত্ব।
গণমাধ্যম ও প্রশাসনিক সংস্কার
সাংবাদিকদের কল্যাণে মজুরি বোর্ড পুনর্গঠন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং বৈষম্যমূলক আইন ও নীতিমালা দ্রুত সংশোধন বা বাতিলের অঙ্গীকার করা হয়েছে। প্রশাসন ও শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য পুনরায় উল্লেখ করা হয়।

পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ও সহযোগিতা
দলটি জানিয়েছে, পারস্পরিক সম্মান, ন্যায় ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাক্ষণ রিপোর্ট 



















