মহাবিশ্বে ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের প্রমাণ মিললে পৃথিবী কীভাবে সেই খবর গ্রহণ করবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানী, রাজনীতিক ও গণমাধ্যমের মধ্যে আলোচনা চলছে। আমরা আবেগপ্রবণ একটি প্রজাতি, সব সময় যুক্তিনির্ভর নই। ফলে এলিয়েন জীবনের খবর এলে মানুষের প্রতিক্রিয়া হতে পারে উচ্ছ্বাস, ভয়, সন্দেহ, অবিশ্বাস কিংবা আরও নানা জটিল অনুভূতির মিশেল।
হার্ট নেবুলার কেন্দ্রে রহস্যের ইঙ্গিত
আমাদের গ্যালাক্সির পারসিয়াস বাহুতে অবস্থিত হার্ট নেবুলার কেন্দ্রে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জীবন সম্ভাবনার মতো জটিল প্রশ্ন নিয়ে ভাবছেন। মহাবিশ্বে প্রাণের খোঁজ কেবল জ্যোতির্বিজ্ঞানের বিষয় নয়, এটি মানুষের আত্মপরিচয় সম্পর্কেও এক গভীর প্রশ্ন।
এ কারণেই ২০২৪ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা “মহাবিশ্বে প্রাণের সন্ধানে আবিষ্কার কীভাবে জানানো হবে” শীর্ষক একটি ভার্চ্যুয়াল কর্মশালার আয়োজন করে। এতে সাংবাদিক, জ্যোতির্বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও যোগাযোগ বিশেষজ্ঞসহ শতাধিক বিশেষজ্ঞ অংশ নেন। পরে তাঁদের আলোচনার ভিত্তিতে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় অ্যাস্ট্রোবায়োলজি সাময়িকীতে।
প্রাণের সন্ধান শুধু বিজ্ঞান নয়
গবেষণায় অংশ নেওয়া যোগাযোগবিদ ব্রায়ান সুলদোভস্কির মতে, মহাকাশে প্রাণের সন্ধান কেবল বৈজ্ঞানিক প্রশ্ন নয়। এটি নৈতিক, দার্শনিক, এমনকি অনেকের কাছে ধর্মীয় প্রশ্নও। কারণ এই আবিষ্কার মানুষের ‘মানুষ হওয়া’ অর্থকেই নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
এলিয়েনের প্রমাণ মিলতে পারে দুইভাবে। এক, অণুজীবের মতো ভিনগ্রহী জীববৈজ্ঞানিক অস্তিত্ব। দুই, আরও চমকপ্রদভাবে উন্নত প্রযুক্তির সন্ধান। সাম্প্রতিক বছরগুলোতে নৌবাহিনীর পাইলটদের ধারণ করা কিছু উড়ন্ত বস্তুর ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যেগুলো অস্বাভাবিক ভঙ্গিতে ঘোরাফেরা করতে দেখা যায়। ২০২১ সালে পিউ রিসার্চ সেন্টার-এর এক জরিপে দেখা যায়, অর্ধেকের বেশি মানুষ মনে করেন এসব বস্তু ভিনগ্রহের উৎসের হতে পারে। তবে অধিকাংশই মনে করেন, এগুলো পৃথিবীর জন্য হুমকি নয়।
তবে যদি কখনও অকাট্য প্রমাণ মেলে, যেমন কোনো অজ্ঞাতযান সরাসরি নৌঘাঁটিতে অবতরণ করে, তাহলে মানুষের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হতে পারে। সেখানে ভয় ও আতঙ্কও বড় হয়ে উঠতে পারে।
কোভিড থেকে নেওয়া শিক্ষা
গবেষকদের মতে, ঝুঁকিপূর্ণ কোনো তথ্য জানাতে হলে কী জানা গেছে এবং কী জানা যায়নি—দুটিই স্পষ্টভাবে বলা জরুরি। কোভিড মহামারির সময় এ বিষয়টি স্পষ্ট হয়েছে। জনস্বার্থ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিও পরিষ্কারভাবে তুলে ধরা দরকার।
আর যদি অন্য কোনো গ্রহে অণুজীবের মতো সরল প্রাণের সন্ধান মেলে, সেক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে আরও আগে থেকেই। গবেষণায় বলা হয়েছে, মানুষ যেন হঠাৎ মুখোমুখি হওয়ার আগে দূরবর্তী জগতের ‘চিহ্ন’ দেখতে অভ্যস্ত হয়। অর্থাৎ ধাপে ধাপে তথ্য জানিয়ে জনমত প্রস্তুত করতে হবে।
গণমাধ্যমের চ্যালেঞ্জ
সবাই গবেষণাপত্র পড়বেন না। ফলে সংবাদমাধ্যমের ওপরই নির্ভর করবে খবরটি কীভাবে পৌঁছাবে। কিন্তু বিজ্ঞানভিত্তিক সাংবাদিকতার ঘাটতি এখন বড় সমস্যা। বিশদ ব্যাখ্যার বদলে সংক্ষিপ্ত ও উত্তেজনাপূর্ণ বর্ণনা বেশি গুরুত্ব পাচ্ছে—যা বিভ্রান্তির ঝুঁকি বাড়ায়।
এ কারণেই গবেষকরা পরামর্শ দিয়েছেন, গবেষণা শুরু হওয়ার আগেই সহজ ভাষায় ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করা উচিত। ভুল ধারণা ও গুজব আগেভাগেই সংশোধনের উদ্যোগ নিতে হবে। প্রতিটি গবেষণা দলে পূর্ণকালীন যোগাযোগ বিশেষজ্ঞ থাকা জরুরি বলেও মত দেওয়া হয়েছে।
মহাবিশ্বের অসীম সম্ভাবনা
মহাবিশ্বে অসংখ্য গ্রহ রয়েছে। সেখানে কোথাও প্রাণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একইভাবে পৃথিবীর বিজ্ঞানীরা একদিন সেই প্রাণের চিহ্ন খুঁজে পাবেন—এ সম্ভাবনাও শূন্য নয়। বিজ্ঞানীরা যেমন সেই আবিষ্কারের পথে এগোচ্ছেন, তেমনি সমাজকেও প্রস্তুত হতে হবে সেই সংবাদ গ্রহণের জন্য।
Sarakhon Report 


















