ইরানজুড়ে চলমান যুদ্ধের মধ্যে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ইউসেফ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরিতে উঠে এসেছে রাজনৈতিক নেতৃত্বের ভেতরের ভয়, মতবিরোধ এবং টিকে থাকার মরিয়া চেষ্টা।
যুদ্ধের শুরু থেকেই দেশের শীর্ষ নেতৃত্ব আত্মগোপনে চলে যাওয়ায় পারিবারিক সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউসেফ লিখেছেন, যুদ্ধ শুরুর পর তিনি নিজের বাবার সঙ্গেও দেখা করতে পারেননি। জনসমক্ষে সংক্ষিপ্ত উপস্থিতির সময় এক ঝলক দেখার আশায় থাকলেও সেটিও সম্ভব হয়নি।
নেতৃত্বের ভেতরের আতঙ্ক ও অনিশ্চয়তা

ডায়েরিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, বাইরে দৃঢ় অবস্থান দেখালেও ভেতরে ভেতরে আতঙ্কে ভুগছেন অনেক রাজনৈতিক নেতা। একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যু পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন, জনগণ নেতাদের তুলনায় অনেক বেশি দৃঢ় ও সহনশীল।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়া উচিত কিনা, তা নিয়েও নেতৃত্বের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। কতদিন লড়াই চলবে, কী লক্ষ্য অর্জন করা হবে—এসব প্রশ্নে কোনো ঐক্য নেই বলেই তার লেখায় উঠে এসেছে।
লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড বন্ধই এখন প্রধান অগ্রাধিকার
ইসরায়েলি হামলায় শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নিহত হওয়ায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকা নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। ইউসেফ লিখেছেন, এসব লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড বন্ধ করা এখন সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও সতর্ক করেছেন, যদি এই ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ করা না যায়, তাহলে যুদ্ধে পরাজয়ের আশঙ্কা তৈরি হতে পারে।

যুদ্ধের মাঝেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন
ডায়েরিতে শুধু রাজনীতি নয়, ব্যক্তিগত জীবনের কথাও উঠে এসেছে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, পার্কে যাওয়া কিংবা স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা—এসব অনুভূতি তার লেখাকে মানবিক করে তুলেছে।
এক পর্যায়ে তিনি লিখেছেন, যুদ্ধের ১৯ দিনের মাথায় তিনি ভেঙে পড়েন এবং কয়েকবার কেঁদে ফেলেন। এমনকি নিজের দাদীর কাছে গিয়ে দেখেন, তিনি দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানেন না—যা তাকে গভীরভাবে নাড়া দেয়।
ক্ষমতার কাঠামোতে পরিবর্তন ও টিকে থাকার লড়াই
শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতির পর ইরানের শাসনব্যবস্থা এখন একটি যৌথ কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। সামরিক কমান্ডার, রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক কর্মকর্তারা একসঙ্গে রাষ্ট্র পরিচালনা ও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই ছড়িয়ে থাকা ক্ষমতার কাঠামোই এখন ইরানের টিকে থাকার মূল শক্তি হিসেবে কাজ করছে। তবে ভেতরের চাপ, ভয় এবং অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রতিবেশী সম্পর্ক ও কৌশলগত দ্বিধা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে আঘাত হানার কৌশল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউসেফ। তিনি লিখেছেন, আত্মরক্ষার জন্য এমন পদক্ষেপ নিতে হলেও এর প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রতিবেশীদের কাছে ক্ষমা চাওয়াকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন, যদিও এ নিয়ে দেশের ভেতরে তীব্র সমালোচনা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















