মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত শুধু একটি সামরিক বা কূটনৈতিক সংকট ছিল না; এটি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার এক মৌলিক দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করেছে। বহু দশক ধরে বিশ্ব অর্থনীতি যে ধারণার ওপর নির্ভর করে এসেছে—হরমুজ প্রণালি কখনো দীর্ঘ সময়ের জন্য অচল হবে না—সেই বিশ্বাস এখন ভেঙে পড়েছে। ফলে উপসাগরীয় দেশগুলোর সামনে নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে: একক রপ্তানি পথের ওপর নির্ভরশীলতা আর গ্রহণযোগ্য নয়।
দীর্ঘদিন ধরে বিশ্লেষকেরা মনে করতেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ করা ইরানের পক্ষেও বাস্তবসম্মত নয়। কারণ এমন পদক্ষেপে তেহরানের নিজস্ব রপ্তানিও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে, প্রচলিত সামরিক শক্তির বদলে অপেক্ষাকৃত কম খরচের প্রযুক্তি, ছোট নৌযান এবং মাইন ব্যবহার করেও একটি কৌশলগত জলপথ কার্যত অচল করে দেওয়া সম্ভব। এর ফলে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ বাজারে পৌঁছাতে পারেনি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে।
যদিও বর্তমানে সংঘাত প্রশমনের লক্ষ্যে আলোচনা চলছে, তবু ঝুঁকিটি আর তাত্ত্বিক নয়। বিনিয়োগকারী, সরকার এবং জ্বালানি কোম্পানিগুলো এখন ধরে নিচ্ছে যে ভবিষ্যতেও হরমুজে অনিশ্চয়তা ফিরে আসতে পারে। এই উপলব্ধিই উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক কৌশলকে পুনর্গঠনের দিকে ঠেলে দিচ্ছে।
এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অবকাঠামোগত বৈচিত্র্যের মূল্য। সৌদি আরব বহু বছর আগে যে পাইপলাইন নেটওয়ার্ক গড়ে তুলেছিল, তা এখন দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। দেশের পূর্ব উপকূল থেকে পশ্চিমের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল পরিবহনের সক্ষমতা সৌদি অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা করেছে। যুদ্ধের সময়ও দেশটি তার উল্লেখযোগ্য অংশের রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে।
অন্যদিকে বিকল্প পথের অভাবে কাতারের মতো দেশগুলো অনেক বেশি ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক হওয়া সত্ত্বেও তাদের প্রায় সব রপ্তানি হরমুজের ওপর নির্ভরশীল। ফলে কাতারের সামনে এখন কঠিন প্রশ্ন—নিজস্ব ভূখণ্ডে বিকল্প ব্যবস্থা না থাকলে কি প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবকাঠামোর ওপর নির্ভর করতে হবে?

এখানেই বিষয়টি অর্থনীতি থেকে ভূরাজনীতির দিকে মোড় নেয়।
কাতার যদি সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সৌদি আরবের মধ্য দিয়ে নতুন রপ্তানি পথ গড়তে চায়, তাহলে শুধু প্রকৌশলগত নয়, রাজনৈতিক সমঝোতাও প্রয়োজন হবে। অতীতে যেসব দেশের সঙ্গে দোহার সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল, তাদের ওপর নির্ভরশীলতা নতুন কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। একই ধরনের বাস্তবতার মুখোমুখি কুয়েতও। ফলে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন আঞ্চলিক জোট ও সম্পর্কের নতুন রূপ নির্ধারণ করতে পারে।
ইরাকের পরিস্থিতিও কম জটিল নয়। দেশের অধিকাংশ তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলে অবস্থিত হওয়ায় হরমুজের বিকল্প তৈরি করা সহজ নয়। উত্তরাঞ্চলীয় রপ্তানি রুট সম্প্রসারণের আলোচনা থাকলেও নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সেখানে বড় বাধা হয়ে রয়েছে। অর্থাৎ বিকল্প পথ নির্মাণ শুধু অর্থের বিষয় নয়; এটি রাষ্ট্রের সক্ষমতা, নিরাপত্তা এবং আঞ্চলিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে যুক্ত।
তবে পরিবর্তন কেবল নতুন পাইপলাইন নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না। উপসাগরীয় রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলো ক্রমেই বিদেশে বিনিয়োগ বাড়ানোর দিকে ঝুঁকছে। বিদেশি তেলক্ষেত্র, পরিশোধনাগার, এলএনজি স্থাপনা এবং সংরক্ষণ অবকাঠামোতে অংশীদারিত্ব তাদের জন্য এক ধরনের নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করতে পারে। যদি নিজ অঞ্চলে কোনো সংকট দেখা দেয়, তাহলে বৈশ্বিক সম্পদভিত্তিক আয় সেই ধাক্কা আংশিকভাবে সামাল দিতে সক্ষম হবে।
এ কারণেই বর্তমান পরিস্থিতিকে কেবল একটি সাময়িক যুদ্ধ-পরবর্তী সমন্বয় হিসেবে দেখা ভুল হবে। বাস্তবে এটি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক দর্শনের একটি পুনর্লিখন। এতদিন যেখানে উৎপাদন বৃদ্ধি ছিল প্রধান লক্ষ্য, সেখানে এখন সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতা সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
হরমুজ প্রণালি ভবিষ্যতেও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে থাকবে। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়েছে, এর ওপর অন্ধ নির্ভরতার যুগ শেষ হয়ে এসেছে। উপসাগরীয় দেশগুলো এখন বিকল্প পথ, নতুন অংশীদার এবং ভৌগোলিকভাবে বিস্তৃত বিনিয়োগের সন্ধানে নেমেছে। সেই অনুসন্ধান শুধু জ্বালানি প্রবাহের রুটই বদলাবে না; এটি আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক অগ্রাধিকার এবং আন্তর্জাতিক জোটগুলোকেও নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
রন বুসো 

















