রাতের আকাশে অসংখ্য তারার ঝলক একসময় ছিল মানুষের নিত্যসঙ্গী। কিন্তু নগরায়ণ, কৃত্রিম আলোর বিস্তার এবং আলোকদূষণের কারণে সেই দৃশ্য এখন ক্রমেই বিরল হয়ে উঠছে। ফলে বিশ্বের নানা প্রান্তে মানুষ আবারও ছুটছে এমন সব গন্তব্যে, যেখানে রাতের আকাশ এখনো অন্ধকার আর তারাভরা। এভাবেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে তারাদেখা ভ্রমণ, যা পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আলোকদূষণের কারণে বদলে যাচ্ছে রাতের আকাশ
বিশ্বের অধিকাংশ মানুষ এখন এমন এলাকায় বাস করেন, যেখানে কৃত্রিম আলোর প্রভাব রাতের আকাশকে ম্লান করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আলোকদূষণ দ্রুত বেড়েছে, ফলে খালি চোখে অসংখ্য তারা দেখার সুযোগ কমে যাচ্ছে। এই বাস্তবতা মানুষকে শহরের কোলাহল ছেড়ে দূরবর্তী, অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের দিকে আকৃষ্ট করছে।
মহামারির পর বেড়েছে আগ্রহ
করোনা মহামারির সময় দীর্ঘদিন ঘরে থাকার কারণে অনেকেই রাতের আকাশের প্রতি নতুন করে আগ্রহী হয়ে ওঠেন। সেই সময় আলোকদূষণও কিছুটা কমে যাওয়ায় অনেক এলাকায় তারাভরা আকাশ দেখা সহজ হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে মানুষ এ বিষয়ে আরও উৎসাহী হয়ে ওঠে। পরে ভ্রমণস্বাভাবিক হলে অনেকেই ভ্রমণের গন্তব্য বেছে নিতে শুরু করেন রাতের আকাশের সৌন্দর্যকে বিবেচনায় রেখে।
পর্যটন খাতও দ্রুত এই চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। বিভিন্ন হোটেল ও রিসোর্টে এখন দূরবীন, জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞের পরামর্শ, চাঁদের আলোয় ধ্যান কিংবা খোলা আকাশের নিচে রাত কাটানোর মতো বিশেষ আয়োজন রাখা হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা
তারাদেখা ভ্রমণের অন্যতম বড় সুবিধা হলো এটি পর্যটকদের নিয়ে যাচ্ছে এমন সব প্রত্যন্ত এলাকায়, যেখানে আগে পর্যটকের আনাগোনা খুবই কম ছিল। পাহাড়ি অঞ্চল, মরুভূমি কিংবা জনবসতি থেকে দূরের বিস্তীর্ণ প্রান্তর এখন নতুন আকর্ষণে পরিণত হচ্ছে।
বিশ্বজুড়ে অন্ধকার আকাশ সংরক্ষণ ও স্বীকৃতির উদ্যোগও বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন অঞ্চল ও পর্যটনকেন্দ্রের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব পর্যটনের সুযোগও সম্প্রসারিত হচ্ছে।

ভারতের হিমালয় অঞ্চলের একটি গ্রাম এবং সৌদি আরবের মরুভূমির বিস্তীর্ণ এলাকায় ইতোমধ্যে তারাদেখা পর্যটনের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগ দেখিয়ে দিচ্ছে, প্রকৃতির অন্ধকারও অর্থনৈতিক সম্পদে রূপ নিতে পারে।
তারার দিকে তাকানোর মানসিক উপকারিতা
তারাদেখা শুধু বিনোদনের বিষয় নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক বলে মনে করছেন গবেষকেরা। রাতের আকাশের বিশালতা মানুষের মধ্যে বিস্ময়, প্রশান্তি এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত আকাশের দিকে তাকান, তাদের মানসিক চাপ তুলনামূলক কম থাকে এবং তারা বেশি শান্ত অনুভব করেন।
ব্যস্ত নগরজীবনে মানুষ যখন চারপাশে কৃত্রিম আলো ও অবিরাম কর্মচাঞ্চল্যে ঘেরা, তখন প্রকৃত অন্ধকারের নিচে দাঁড়িয়ে অসীম আকাশের দিকে তাকানোর অভিজ্ঞতা অনেকের কাছেই হয়ে উঠছে আত্মিক প্রশান্তির এক অনন্য মাধ্যম।
এই কারণেই তারাদেখা ভ্রমণ এখন শুধু একটি নতুন পর্যটনধারা নয়, বরং প্রকৃতি, নীরবতা এবং নিজের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
সারাক্ষণ রিপোর্ট 


















