বন্য প্রকৃতির অন্যতম মহিমান্বিত প্রাণী বাঘ আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। বর্তমানে বিশ্বে প্রাকৃতিক আবাসস্থলে ৫,৬০০টিরও কম বাঘ টিকে আছে। বনভূমি ধ্বংস, অবৈধ শিকার এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাত তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পৃথিবীতে বাঘের মতো এতটা শক্তিশালী, রহস্যময় ও আকর্ষণীয় প্রাণী খুব কমই আছে। এই বৃহৎ বিড়ালজাতীয় প্রাণী যুগে যুগে গান, গল্প, চলচ্চিত্র, ক্রীড়া দল, ফ্যাশন ও বিভিন্ন প্রতীকের অনুপ্রেরণা হয়ে এসেছে।
তবে বাঘ সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে, যা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক বাঘ সম্পর্কে ১০টি চমকপ্রদ তথ্য।
১. বাঘ পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বিড়ালজাতীয় প্রাণী
বাঘ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বিড়ালজাতীয় প্রাণী। একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ওজন প্রায় ৩০০ কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে পূর্ণবয়স্ক স্ত্রী বাঘের ওজন সাধারণত এর প্রায় অর্ধেক।
লেজসহ একটি বাঘের দৈর্ঘ্য প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে।
২. প্রতিটি বাঘের ডোরাকাটা দাগ আলাদা
মানুষের আঙুলের ছাপ যেমন একেকজনের আলাদা, তেমনি প্রতিটি বাঘের গায়ের ডোরাকাটা দাগও একেবারেই স্বতন্ত্র।
শুধু লোমেই নয়, এই ডোরাকাটা নকশা বাঘের ত্বকেও থাকে। ফলে লোম না থাকলেও সেই দাগের নকশা অক্ষত থাকে।
৩. পৃথিবীতে বাঘের পূর্বপুরুষের আবির্ভাব লাখো বছর আগে
আধুনিক বাঘের পূর্বপুরুষ পৃথিবীতে প্রায় ২০ লাখ বছর আগে বিচরণ করত বলে বিজ্ঞানীদের ধারণা। যদিও তাদের চেহারা বর্তমান বাঘের মতো ছিল না।
৪. বাঘ দারুণ সাঁতারু
গৃহপালিত বিড়ালের মতো পানি এড়িয়ে চলে না বাঘ। বরং শিকার ধরতে কিংবা গরমে শরীর ঠান্ডা করতে তারা স্বেচ্ছায় নদী, হ্রদ বা জলাশয়ে নামে।
তাদের আংশিক জালযুক্ত পায়ের আঙুল পানিতে দ্রুত ও দক্ষতার সঙ্গে চলাচলে সহায়তা করে।
৫. বাঘ সাধারণত একাকী জীবনযাপন করে
সিংহ যেখানে দলবদ্ধভাবে বাস করে, সেখানে বাঘ বেশিরভাগ সময় একাই থাকে।
প্রজননের সময় ছাড়া পুরুষ ও স্ত্রী বাঘ একসঙ্গে থাকে না। শাবকেরা প্রায় দুই বছর মায়ের সঙ্গে থাকার পর নিজস্ব এলাকা গড়ে তুলতে আলাদা হয়ে যায়।
৬. কমলা রঙের গায়ের আবরণই তাদের আড়াল করে
বাঘের কমলা-কালো ডোরাকাটা গায়ের রং শুধু সৌন্দর্যের জন্য নয়; এটি তাদের প্রাকৃতিক ছদ্মবেশও।
শুকনো বন, লম্বা ঘাস ও গাছের ছায়ার সঙ্গে এই ডোরাকাটা নকশা এমনভাবে মিশে যায় যে শিকার সহজে তাদের দেখতে পায় না।
অনেক তৃণভোজী প্রাণী—যেমন হরিণ, বুনো শূকর ও মহিষ—মানুষের মতো সব রং দেখতে পারে না। এ কারণে সবুজ বনভূমির মধ্যেও তারা সহজে বাঘকে শনাক্ত করতে পারে না।
৭. বাঘ আজ মারাত্মক সংকটে
বিশ শতকের শুরু থেকে বন্য পরিবেশে বাঘের সংখ্যা প্রায় ৯৫ শতাংশ কমে গেছে।
বনভূমি ধ্বংস, আবাসস্থল সংকুচিত হওয়া এবং বাঘের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্যের কারণে প্রতিদিনই নতুন নতুন হুমকির মুখে পড়ছে এই প্রাণী।
৮. বনে যত বাঘ আছে, মানুষের তত্ত্বাবধানে আছে তারও বেশি
দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশ্বের বনাঞ্চলে যত বাঘ রয়েছে, মানুষের তত্ত্বাবধানে তার চেয়েও বেশি বাঘ রয়েছে।
কিছু বাঘ বৈধ সংরক্ষণ কর্মসূচির অংশ হলেও অধিকাংশই ব্যক্তিগত মালিকানায়, বিনোদনের উদ্দেশ্যে কিংবা বাণিজ্যিক লাভের জন্য পালন করা হয়।
শুধু যুক্তরাষ্ট্রেই ব্যক্তিগত মালিকানায় ৫,০০০টির বেশি বাঘ রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া এশিয়ার বিভিন্ন টাইগার ফার্মে প্রায় ৮,৯০০টি বাঘ বন্দি অবস্থায় রাখা হয়েছে।
৯. কালোবাজারে এখনও বিক্রি হয় বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ
বাঘের গোঁফ থেকে শুরু করে লেজ পর্যন্ত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এখনও কালোবাজারে বিক্রি হয়।
বৈজ্ঞানিকভাবে কোনো চিকিৎসাগত উপকারিতা প্রমাণিত না হলেও বহু শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধ তৈরির নামে এসবের চাহিদা রয়েছে। এছাড়া অনেক সংস্কৃতিতে বাঘের চামড়া সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

১০. সুখবর—বিশ্বে আবার ধীরে ধীরে বাড়ছে বাঘের সংখ্যা
আন্তর্জাতিক সমন্বিত বাঘ সংরক্ষণ কর্মসূচি Tx2-এর মতো উদ্যোগের ফলে বিশ্বে বন্য বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
তবে এখনো বাঘ বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। তাই তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
বাঘকে বাঁচাতে এখনই উদ্যোগ জরুরি
বর্তমানে বিশ্বে প্রাকৃতিক পরিবেশে ৫,৬০০টিরও কম বাঘ টিকে আছে। এই অসাধারণ প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বন সংরক্ষণ, অবৈধ শিকার বন্ধ, বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং মানুষ-বাঘ সংঘাত কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
বাঘ শুধু একটি প্রাণী নয়—এটি সুস্থ বন, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রকৃতির ভারসাম্যের অন্যতম প্রতীক। তাই বাঘকে রক্ষা করা মানেই আমাদের বন ও পরিবেশকে রক্ষা করা।
সারাক্ষণ রিপোর্ট 


















