হামসদৃশ উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে দেশে হাম-সংশ্লিষ্ট নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সর্বশেষ চারটি মৃত্যুকেই সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ফলে দেশে সন্দেহভাজন হাম মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮২৩। অন্যদিকে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৯-এ অপরিবর্তিত রয়েছে।

সন্দেহভাজন হাম রোগী আরও বাড়ল
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ৯৩১ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে দেশজুড়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে।
একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়েছে আরও ৮৭ জন। ফলে এ বছর এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬ জনে।
হাসপাতালে ভর্তি ১ লাখ ২৭ হাজারের বেশি
ডিজিএইচএস জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে।
চলতি বছরের শুরু থেকে হামসদৃশ উপসর্গে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যানেও নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির চিত্র উঠে এসেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















