পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক দিনে ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৪৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা ভারতের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্য। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খাইবার পাখতুনখোয়ায় ১২ জন নিহত
বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়ার বান্নু, উত্তর ওয়াজিরিস্তান, ওরাকজাই ও খাইবার জেলায় পৃথক অভিযানে ১২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, বিস্ফোরক ডিভাইসের নিয়ন্ত্রণযন্ত্র, অস্ত্র, গোলাবারুদ ও মোটরসাইকেল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

বেলুচিস্তানে নিহত ৩৭
অন্যদিকে বেলুচিস্তানের মাস্তুং, মাচ, খুজদার ও পাঞ্জগুর জেলায় ১০টি গোয়েন্দাভিত্তিক অভিযানে ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে অস্ত্র, বিস্ফোরক ভর্তি ড্রাম ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ সরঞ্জাম উদ্ধারের কথাও বলা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযানের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে আরও তল্লাশি ও নিরাপত্তা অভিযান চলছে। পাকিস্তানের জাতীয় কর্মপরিকল্পনার আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও বিবৃতিতে জানানো হয়েছে।
বিস্ফোরণে নিহত ৬

এদিকে বেলুচিস্তানের মাস্তুং জেলার খাদ কোচা এলাকায় একটি বাগানে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ সদস্য নিহত
অন্য একটি ঘটনায় খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার ইনায়াত কালাই বাজার এলাকায় এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দায়িত্ব শেষে বাড়ি ফেরার সময় অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















