জাপানের কৃষি ও নির্মাণযন্ত্র নির্মাতা কুবোটা ভারতের উৎপাদনভিত্তি আরও শক্তিশালী করে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে। এ লক্ষ্যে কুবোটা ও ভারতের এসকর্টসের যৌথ উদ্যোগ এসকর্টস কুবোটা উত্তর প্রদেশে বড় আকারের নতুন উৎপাদনকেন্দ্র গড়ে তুলছে।
উত্তর প্রদেশে ১৫৪ একর জমিতে নির্মিতব্য নতুন কারখানায় মোট বিনিয়োগ ২০ বিলিয়ন রুপির বেশি, যা প্রায় ২০ কোটি ৮৯ লাখ মার্কিন ডলারের সমান। চলতি সপ্তাহে কারখানাটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে এটি কুবোটা গ্রুপের বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতকে কুবোটার কাছে কেন গুরুত্বপূর্ণ
কুবোটার প্রেসিডেন্ট শিনগো হানাদা বলেন, বিশ্বে ট্রাক্টরের সবচেয়ে বড় বাজার ভারত। দেশটিতে বছরে প্রায় ১৫ লাখ ট্রাক্টর বিক্রি হয়, যেখানে বিশ্বের বাকি দেশগুলো মিলিয়ে মোট বাজার প্রায় ৭ লাখ ইউনিট। ফলে কুবোটার বৈশ্বিক ব্যবসায় ভারতের গুরুত্ব অত্যন্ত বেশি।
বর্তমানে নয়াদিল্লির কাছে ফরিদাবাদভিত্তিক এসকর্টস কুবোটার বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার ট্রাক্টর এবং ১০ হাজার নির্মাণযন্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে। নতুন কারখানার প্রথম ধাপে বছরে আরও ৬০ হাজার ট্রাক্টর ও ১৫ হাজার নির্মাণযন্ত্র উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
পুরো প্রকল্পের সব ধাপ শেষ হলে প্রতিষ্ঠানটির ধারণা, এখান থেকে ১০ হাজারের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হতে পারে এবং বার্ষিক ১০০ বিলিয়ন রুপির বেশি রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। প্রকল্পের অর্থায়ন হবে কুবোটাকে দেওয়া আগের শেয়ার ইস্যু থেকে পাওয়া অর্থ এবং কোম্পানির অভ্যন্তরীণ তহবিল থেকে।
ভারত থেকেই কম খরচে রপ্তানির লক্ষ্য
কুবোটার লক্ষ্য শুধু ভারতের অভ্যন্তরীণ বাজার নয়। প্রতিষ্ঠানটি ভারত থেকে উন্নতমানের, টেকসই এবং তুলনামূলক কম দামের কৃষি ও নির্মাণযন্ত্র ইউরোপের বাজারে পাঠাতে চায়। পরবর্তী সময়ে আফ্রিকা এবং উত্তর আমেরিকাতেও রপ্তানির সম্ভাবনা দেখছে তারা।
বিশেষ করে ইউরোপের বাজারকে বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কুবোটা বলছে, উত্তর আমেরিকাও গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় বাজার, কারণ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ট্রাক্টর বাজার।
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ায় যন্ত্রাংশ ও উপকরণের একাধিক উৎস নিশ্চিত করাকেও গুরুত্ব দিচ্ছে কুবোটা। ভারতের উৎপাদনভিত্তি ব্যবহার করে জাপান ও যুক্তরাষ্ট্রের কারখানাগুলোকেও যন্ত্রাংশ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
ভারতে কৃষি যান্ত্রিকীকরণের বড় সুযোগ
এসকর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দা ভারতের কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে ট্রাক্টরের পণ্য ও পরিষেবা কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্যসহ কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
ভারতে কৃষি যান্ত্রিকীকরণের হার বর্তমানে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্র ও জাপানের মতো বাজারে এই হার প্রায় ৯০ শতাংশ। ফলে ভারতের কৃষিতে যন্ত্রের ব্যবহার আরও বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে মনে করছে এসকর্টস কুবোটা।
২০১৮ সালের ডিসেম্বরে কুবোটা ও এসকর্টস যৌথ উদ্যোগ ঘোষণা করে। এর আগে ২০০৮ সালে কুবোটা এককভাবে ভারতীয় বাজারে প্রবেশ করেছিল। তবে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সেই উদ্যোগ প্রত্যাশামতো সফল হয়নি। এবার স্থানীয় সম্পদ, কম খরচের উৎপাদন এবং এসকর্টসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরির লক্ষ্য নিয়েছে কুবোটা।
সারাক্ষণ রিপোর্ট 


















