সৌদি আরব আগামী মাসে ইউরোপের ক্রেতাদের কাছে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত করতে যাচ্ছে। দেশটির গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো অন্তত দুই ইউরোপীয় শোধনাগার গ্রাহককে জানিয়েছে, আগামী মাসে তাদের কাছে কোনো অপরিশোধিত তেল পাঠানো হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তারা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী মাসে ইউরোপের সব ক্রেতার জন্যই নিয়মিত তেল সরবরাহ স্থগিত থাকবে।
চুক্তিভিত্তিক সরবরাহে বড় পরিবর্তন
ইউরোপের তেল ক্রেতারা সাধারণত সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল পেয়ে থাকে। এসব চুক্তি নিয়মিত সরবরাহ নিশ্চিত করে। কিন্তু পাইপলাইনে হামলার পর আগামী মাসের সরবরাহ পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে।
সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন গত সপ্তাহে ড্রোন হামলার পর বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে পাইপলাইনের আংশিক কার্যক্রম ফের শুরু হতে পারে। তবে পুরো সক্ষমতায় ফিরতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

ইউরোপের শোধনাগারে সরবরাহ নিয়ে চাপ
ইউরোপের শোধনাগারগুলো সাধারণত মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির হয়ে সৌদি অপরিশোধিত তেল পেয়ে থাকে। এই বন্দরটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত।
সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় সৌদি আরামকোর কয়েকজন গ্রাহক বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহে তৎপর হয়ে উঠেছে। পোল্যান্ডের জ্বালানি কোম্পানি অরলেন শুক্রবারের পর থেকে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে ১০টির বেশি দরপত্র আহ্বান করেছে।
ইউরোপে সৌদি তেলের গুরুত্ব
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাসিক তেল বাজার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে।
ফলে সৌদি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে ইউরোপের শোধনাগারগুলোর জন্য বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের প্রয়োজন বাড়বে। তবে পাইপলাইন দ্রুত আংশিকভাবে চালু করা এবং পরবর্তী সময়ে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
আরামকো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সারাক্ষণ রিপোর্ট 


















