আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা কমাতে সৌদি আরবের আরও সক্রিয় মধ্যস্থতা চেয়েছে কাবুল।
আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগান ভূখণ্ডে সামরিক হামলা চালায়, তাহলে আফগানিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে। তিনি সতর্ক করে বলেন, আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে পাকিস্তানকে ‘চূর্ণকারী জবাব’ দেওয়া হবে।
মুজাহিদের এই বক্তব্য এসেছে পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পর। এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেছিলেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র ব্যক্তিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে।
তালেবানের মুখপাত্র অবশ্য এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কার্যক্রম চালানোর অনুমতি কাবুল দেয় না। অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকেও তালেবান সমর্থন করে না বলে দাবি করেন তিনি।
মুজাহিদের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের নিরাপত্তা সংকটের কারণ হিসেবে শুধু আফগানিস্তানকে দায়ী না করে ইসলামাবাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকেও নজর দেওয়া। তার দাবি, টিটিপি ও বেলুচ গোষ্ঠীগুলোকে ঘিরে পাকিস্তানের অস্থিরতা তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার আগেও ছিল।
তবে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজাও খোলা রাখার কথা জানিয়েছেন মুজাহিদ। তিনি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতার জন্য আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমাতে সৌদি আরবের ভূমিকারও প্রশংসা করেন তালেবানের এই মুখপাত্র। তিনি বলেন, সৌদি আরব একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের বন্ধু। তাই দুই দেশের মতবিরোধ নিরসনে রিয়াদ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মুজাহিদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে তালেবান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে কাবুল সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনা, গোয়েন্দা সহযোগিতা এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে সংকট মোকাবিলার পথও খোলা রাখতে চাইছে।
আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, মুজাহিদের পূর্ণ সাক্ষাৎকার পরে তাদের ইউটিউব সরাসরি সম্প্রচারে প্রচার করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















