সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির কয়েকটি বড় শহরে শনিবার ভোরে জারি করা আগাম সতর্কতা পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় সময় ভোরের দিকে কয়েক দফা সতর্কতা জারি করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ ‘সবুজ সংকেত’ বা সতর্কতা প্রত্যাহারের বার্তা দেয়।
সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এর আগে রিয়াদ, জেদ্দা, আল-খারজ, আল-উলা, ইয়ানবু, তাইফ, আবহা, ফারাসান, খামিস মুশাইত ও জাজান এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।
সতর্কতা জারির পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ বিশেষভাবে কোনো ক্ষতিগ্রস্ত এলাকা বা ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ না করার পরামর্শ দেয়।

এদিকে রিয়াদে থাকা প্রত্যক্ষদর্শীরা আকাশে কয়েকটি বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। এসব শব্দ সম্ভবত আকাশে কোনো বস্তু প্রতিহত বা বাধা দেওয়ার সময় সৃষ্ট শব্দ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব শব্দের উৎস সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সতর্কতা প্রত্যাহারের পর সংশ্লিষ্ট শহরগুলোর বাসিন্দাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দেখা যায়। তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে নাগরিক ও বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং নিরাপত্তা সংক্রান্ত পরবর্তী বার্তার দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন এলাকায় এমন সতর্কতা জারির ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে শনিবারের সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট হামলা বা সামরিক ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
সারাক্ষণ রিপোর্ট 


















