চট্টগ্রামের হাটহাজারীতে সাংগঠনিক পরিচয় ব্যবহার করে দলীয় নাম ভাঙিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মোমিনুল হক নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মো. মোমিনুল হক হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ মিজানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোমিনুল হকের বিরুদ্ধে অনৈতিক উদ্দেশ্যে দলের নাম ব্যবহার করে হুমকি-ধমকি দেওয়ার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তাঁর সাংগঠনিক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ—দুই দায়িত্ব থেকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন তালুকদার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় পরিচয় বা নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















