যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রামের চাঁদের বিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই পুরোনো সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গতকাল বিকেলে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার।
স্থানীয় বেসরকারি সংস্থা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচে বিভিন্ন এলাকা থেকে ১৭টি ডিঙি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে চাঁদের বিলের দুই পাড়ে মানুষের ভিড় জমে ওঠে। নৌকার ছন্দময় গতি আর মাঝিদের প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে আসা দর্শকদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ।
প্রতিযোগিতায় ইমান আকুঞ্জির নৌকা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় দীপঙ্কর সরকারের নৌকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম।
-6a9b05937b90f.jpg)
পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলাম বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ জীবনের নানা ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে পরিচিত করতেই এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গ্রামবাংলার অনেক পুরোনো রীতি ও আয়োজন এখন আর আগের মতো দেখা যায় না। এসব ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও জরুরি।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রামবাংলার মানুষের জীবন, নদী-খাল, বিল ও জলাভূমির সঙ্গে নৌকাবাইচের সম্পর্ক দীর্ঘদিনের। বর্ষাকালে বিভিন্ন এলাকায় এমন আয়োজন একসময় ছিল সাধারণ দৃশ্য। তবে সময়ের পরিবর্তন, জলাভূমি কমে যাওয়া এবং আধুনিক বিনোদনের বিস্তারের কারণে অনেক এলাকায় এই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। চাঁদের বিলের নৌকাবাইচ সেই পুরোনো সংস্কৃতিকে আবারও মানুষের সামনে নিয়ে এলো।
সারাক্ষণ রিপোর্ট 



















