২০২৬ সালের বিশ্বের সেরা এয়ারলাইনগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন রেটিং সংস্থা স্কাইট্র্যাক্স। এবার বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। গত বছরের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি কাতার এয়ারওয়েজ; এবার তারা দ্বিতীয় হয়েছে। তালিকায় তৃতীয় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, চতুর্থ এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ এবং পঞ্চম তুর্কিশ এয়ারলাইনস।
মধ্যপ্রাচ্যের এয়ারলাইনগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। দুবাইভিত্তিক এমিরেটস বিশ্বের ষষ্ঠ সেরা এয়ারলাইন হয়েছে। সৌদি আরবের সাউদিয়া রয়েছে ১৫তম অবস্থানে। আর সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ ২২তম হয়েছে।
২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের ৩০০টির বেশি এয়ারলাইনকে বিবেচনায় নেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর লন্ডনের দ্য ল্যাংহাম হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইনসের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালে চালু হওয়া ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস মূলত বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের সন্তুষ্টি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দেওয়া হয়। ২০২৬ সালের পুরস্কারের জন্য জরিপ চলে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত। এতে ১০০টির বেশি দেশের যাত্রীরা অংশ নেন।
বিশ্বের সেরা ২০ এয়ারলাইন
২০২৬ সালের সামগ্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০টি এয়ারলাইন হলো—

১. সিঙ্গাপুর এয়ারলাইনস
২. কাতার এয়ারওয়েজ
৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৪. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ
৫. তুর্কিশ এয়ারলাইনস
৬. এমিরেটস
৭. এয়ার ফ্রান্স
৮. হাইনান এয়ারলাইনস
৯. জাপান এয়ারলাইনস
১০. কোরিয়ান এয়ার
১১. ইভিএ এয়ার
১২. কান্টাস এয়ারওয়েজ
১৩. স্টারলাক্স এয়ারলাইনস
১৪. লুফথানসা
১৫. সাউদিয়া
১৬. আইবেরিয়া
১৭. এয়ার কানাডা
১৮. ভার্জিন আটলান্টিক
১৯. সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস
২০. থাই এয়ারওয়েজ
ইতিহাদ এয়ারওয়েজ ২২তম অবস্থানে রয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনসের জন্য এবারের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠানটি এ নিয়ে ষষ্ঠবার বিশ্বের সেরা এয়ারলাইন হওয়ার স্বীকৃতি পেল। একই সঙ্গে তারা বিশ্বের সেরা ইকোনমি ক্লাস এবং ইকোনমি ক্লাসে সেরা খাবারের পুরস্কারও পেয়েছে।
স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড প্লেইস্টেড বলেন, ২০২৬ সালের বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনসকে অভিনন্দন। তাঁর মতে, এই স্বীকৃতি যাত্রীদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের মানকে তুলে ধরে।
চারটি বড় পুরস্কার কাতার এয়ারওয়েজের
গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন হওয়ার পর এবার দ্বিতীয় হয়েছে কাতার এয়ারওয়েজ। তবে সামগ্রিক তালিকায় এক ধাপ পিছিয়ে গেলেও বিভিন্ন বিভাগে বড় সাফল্য পেয়েছে দোহাভিত্তিক এই এয়ারলাইন।
কাতার এয়ারওয়েজ ১৩তমবারের মতো বিশ্বের সেরা বিজনেস ক্লাসের পুরস্কার পেয়েছে। একই সঙ্গে টানা ১৪তমবারের মতো মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন হয়েছে।
এয়ারলাইনটির আল মুরজান বিজনেস লাউঞ্জ—দ্য গার্ডেন বিশ্বের সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ নির্বাচিত হয়েছে। পাশাপাশি নতুন চালু হওয়া বিশ্বের সেরা উড়োজাহাজের ওয়াই-ফাই পুরস্কারও প্রথমবারের মতো পেয়েছে কাতার এয়ারওয়েজ।
তাদের কিউস্যুটকে বিশ্বের সেরা বিজনেস ক্লাস সিট হিসেবে নির্বাচিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিচ্ছন্ন এয়ারলাইন হিসেবেও স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ।
কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী হামাদ আল-খাতের বলেন, এই পুরস্কারগুলো প্রতিষ্ঠানের প্রায় ৬০ হাজার কর্মীর প্রতিদিনের কাজ ও যাত্রীসেবার প্রতিফলন।
এদিকে শীতকালীন মৌসুমে মধ্যপ্রাচ্যজুড়ে কাতার এয়ারওয়েজের দৈনিক ফ্লাইট ১৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
বিনোদন ব্যবস্থায় বিশ্বসেরা এমিরেটস
সামগ্রিকভাবে ষষ্ঠ হলেও উড়োজাহাজের ভেতরের বিনোদন ব্যবস্থায় বিশ্বের সেরা হয়েছে এমিরেটস। এই বিভাগে সিঙ্গাপুর এয়ারলাইনস, ক্যাথে প্যাসিফিক ও কাতার এয়ারওয়েজকে পেছনে ফেলেছে দুবাইভিত্তিক এয়ারলাইনটি।
এমিরেটস বিশ্বের সেরা প্রিমিয়াম ইকোনমি সিট এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণির খাবারের পুরস্কারও পেয়েছে। পাশাপাশি বিশ্বের সেরা প্রথম শ্রেণির এয়ারলাইন এবং সেরা প্রিমিয়াম ইকোনমি এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পরিবার নিয়ে ভ্রমণের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে উপযোগী এয়ারলাইন হিসেবেও এমিরেটস নির্বাচিত হয়েছে।
বিশ্বের প্রথম শ্রেণির এয়ারলাইনগুলোর মধ্যে এমিরেটস চতুর্থ এবং কাতার এয়ারওয়েজ দশম হয়েছে। প্রথম শ্রেণির আসনের ক্ষেত্রেও এমিরেটস বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শীর্ষ ১৫-তে সাউদিয়া
সৌদি আরবের জাতীয় এয়ারলাইন সাউদিয়া এবার বিশ্বের সেরা ১৫ এয়ারলাইনের তালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি টানা দ্বিতীয় বছরের মতো মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন কর্মীদের পুরস্কার ধরে রেখেছে তারা।
মধ্যপ্রাচ্যের সেরা কেবিন ক্রু হিসেবেও সাউদিয়া স্বীকৃতি পেয়েছে।
সাউদিয়া গ্রুপের মহাপরিচালক ইব্রাহিম আল-ওমর বলেন, বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক একটি শিল্পে এই অর্জন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কর্মীদের নিষ্ঠা এবং যাত্রীদের সেবায় সৌদি আতিথেয়তা তুলে ধরার প্রচেষ্টার প্রতিফলন হিসেবে তিনি এই স্বীকৃতিকে দেখছেন।
মধ্যপ্রাচ্যের এয়ারলাইন কর্মীদের সামগ্রিক র্যাঙ্কিংয়ে সাউদিয়ার পর রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ ও ফ্লাইনাস। রিয়াদ এয়ার রয়েছে অষ্টম অবস্থানে।

মধ্যপ্রাচ্যের তালিকায় কাতার, এমিরেটস ও সাউদিয়া এগিয়ে
আলাদা আঞ্চলিক র্যাঙ্কিংয়েও উপসাগরীয় দেশগুলোর এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন হিসেবে কাতার এয়ারওয়েজের পর রয়েছে এমিরেটস, সাউদিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ।
মধ্যপ্রাচ্যের শীর্ষ ১০ এয়ারলাইন হলো—
১. কাতার এয়ারওয়েজ
২. এমিরেটস
৩. সাউদিয়া
৪. ইতিহাদ এয়ারওয়েজ
৫. ফ্লাইনাস
৬. ওমান এয়ার
৭. গালফ এয়ার
৮. ফ্লাইদুবাই
৯. রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইনস
১০. ফ্লাইঅ্যাডিল
এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতের তিনটি এবং সৌদি আরবের তিনটি এয়ারলাইন জায়গা করে নিয়েছে।
টানা নবমবার মধ্যপ্রাচ্যের সেরা কম খরচের এয়ারলাইন ফ্লাইনাস
সৌদি আরবের ফ্লাইনাস টানা নবমবারের মতো মধ্যপ্রাচ্যের সেরা কম খরচের এয়ারলাইন হয়েছে। বিশ্বের সেরা কম খরচের এয়ারলাইনগুলোর তালিকায় তারা অষ্টম অবস্থানে রয়েছে।
এশিয়ার এয়ারএশিয়া টানা ১৭তমবারের মতো বিশ্বের সেরা কম খরচের এয়ারলাইন নির্বাচিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের কম খরচের এয়ারলাইনগুলোর তালিকায় ফ্লাইনাসের পর তৃতীয় ফ্লাইঅ্যাডিল, চতুর্থ এয়ার অ্যারাবিয়া এবং পঞ্চম সালামএয়ার।
বিভিন্ন বিভাগেও মধ্যপ্রাচ্যের এয়ারলাইনগুলোর উপস্থিতি
২০২৬ সালের বিভিন্ন বিশেষায়িত র্যাঙ্কিংয়েও কাতার এয়ারওয়েজ, এমিরেটস, সাউদিয়া ও ইতিহাদ এয়ারওয়েজের অবস্থান ছিল উল্লেখযোগ্য।
বিশ্বের সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন হিসেবে কাতার এয়ারওয়েজ নির্বাচিত হয়েছে। এই বিভাগে এমিরেটস ১১তম এবং ইতিহাদ ১৬তম।
উড়োজাহাজের বিনোদন ব্যবস্থায় এমিরেটস প্রথম। কাতার এয়ারওয়েজ চতুর্থ, সাউদিয়া ১৩তম এবং ইতিহাদ ১৬তম।

পরিচ্ছন্নতার দিক থেকে কাতার এয়ারওয়েজ বিশ্বে সপ্তম, এমিরেটস ১৬তম, ইতিহাদ ১৯তম এবং সাউদিয়া ২০তম হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিচ্ছন্ন এয়ারলাইনও কাতার এয়ারওয়েজ।
প্রথম শ্রেণির এয়ারলাইন হিসেবে এমিরেটস বিশ্বে চতুর্থ এবং কাতার এয়ারওয়েজ দশম হয়েছে। প্রথম শ্রেণির আসনের মানের তালিকায় ইতিহাদ অষ্টম এবং সাউদিয়া দশম।
এবারের পুরস্কারে কাতার এয়ারওয়েজের সদস্য ওনওয়ার্ল্ড জোটও বিশ্বের সেরা এয়ারলাইন জোটের স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের পর এটি তাদের এই পুরস্কার পাওয়ার প্রথম ঘটনা এবং সামগ্রিকভাবে পঞ্চমবার।
কীভাবে নির্ধারণ করা হয় বিশ্বের সেরা এয়ারলাইন?
স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড মূলত বিশ্বব্যাপী যাত্রীদের সন্তুষ্টি জরিপের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ২০২৬ সালের জরিপে ১০০টির বেশি জাতীয়তার যাত্রী অংশ নেন।
স্কাইট্র্যাক্স জানিয়েছে, জরিপে দেওয়া তথ্য যাচাই করতে আইপি ও ব্যবহারকারীর তথ্য পরীক্ষা করা হয়েছে। একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কি না, সন্দেহজনক বা যোগ্যতাহীন ভোট রয়েছে কি না—এসব যাচাই করে সেগুলো বাদ দেওয়া হয়েছে।
সংস্থাটি পুরস্কার প্রক্রিয়াকে স্বাধীন ও নিরপেক্ষ হিসেবে বর্ণনা করে জানিয়েছে, জরিপ ও পুরস্কার আয়োজনের খরচ তারা নিজেরাই বহন করে। এয়ারলাইনগুলোর জরিপে অংশ নেওয়া বা নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হয় না। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হওয়া কিংবা পুরস্কার ও এর প্রতীক ব্যবহার করার জন্যও এয়ারলাইনগুলোর কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না।
সারাক্ষণ রিপোর্ট 



















