রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাতের এ ঘটনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জাশিম জানান, রাত ৯টা ৩৩ মিনিটে ট্রেনের বগিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। রাত ৯টা ৫২ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

ঢাকা রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটি প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য খিলগাঁও রেলগেটের কাছে একটি ওয়াশ পিট এলাকায় রাখা হয়েছিল। সেখানে ট্রেনটিতে ওয়েল্ডিংসহ বিভিন্ন কাজ করা হয়।
কাজ শেষ হওয়ার পর ট্রেনটি আবার স্টেশনের প্ল্যাটফর্মের দিকে ফিরছিল। এ সময় ট্রেনের একটি বগির ভেতরে আগুন দেখতে পাওয়া যায়।
রেলওয়ের ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















