পানামা খালকে ঘিরে আইনি বিরোধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক শিপিং কার্যক্রম নিয়ে আলোচনা করতে বিশ্বের দুই বৃহৎ শিপিং কোম্পানি মার্স্ক ও মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানিকে তলব করেছে চীনের পরিবহন মন্ত্রণালয়। এই পদক্ষেপকে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
চীনের পরিবহন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতি
মঙ্গলবার চীনের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক লাইনের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক শিপিং কার্যক্রম নিয়ে আলোচনা করতে মার্স্ক এবং মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানিকে ডাকা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চীনে এ ধরনের তলব সাধারণত সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়। অনেক সময় এমন আহ্বান উপেক্ষা করলে পরবর্তীতে প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও থাকে।
বৈশ্বিক উত্তেজনা ও শিপিং খাতে চাপ
পানামা খালকে ঘিরে বিরোধ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি—এমন নানা ভূরাজনৈতিক সংকট সাম্প্রতিক সময়ে বৈশ্বিক শিপিং কোম্পানি ও বন্দর পরিচালকদের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।
এই অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়।
পানামা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ
গত ফেব্রুয়ারির শেষ দিকে পানামা কর্তৃপক্ষ দুটি গুরুত্বপূর্ণ বন্দরের অস্থায়ী নিয়ন্ত্রণ মার্স্কের এপিএম টার্মিনালস এবং মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির টার্মিনাল ইনভেস্টমেন্টের হাতে তুলে দেয়।
এর আগে এই বন্দর দুটি পরিচালনা করত হংকংভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের পানামা পোর্টস কোম্পানি। কিন্তু আদালতের এক রায়ে ১৯৯০–এর দশকে দেওয়া দীর্ঘমেয়াদি বন্দরের কনসেশন চুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করা হলে সেই চুক্তি বাতিল হয়ে যায়।
সিকে হাচিসনের আইনি পদক্ষেপ
বন্দর দুটি—বালবোয়া ও ক্রিস্টোবাল—নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে বেআইনি বলে দাবি করেছে সিকে হাচিসন। কোম্পানিটি পানামা সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
এ ছাড়া পানামা পোর্টস কোম্পানি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করেছে। সেখানে তারা অন্তত ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।
এই ঘটনার পর বেইজিং জানিয়েছে, চীনা প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা দৃঢ় অবস্থান নেবে।
এশিয়া-আমেরিকা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র
হাইতং ফিউচার্সের বিশ্লেষক শু ই-এর মতে, বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দর এশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত। বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাসের মতো জ্বালানি পণ্যের পরিবহনে এই বন্দরগুলো ছিল গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।
তার মতে, বন্দরের নিয়ন্ত্রণ বদলের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্ট। জ্বালানি রপ্তানির রুটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আমদানি পণ্যের লজিস্টিক ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজন থেকেই ওয়াশিংটন এই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে।
চুক্তি বিক্রির পরিকল্পনায় নাটকীয় পরিবর্তন
বন্দর নিয়ে চলমান আইনি লড়াই সিকে হাচিসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি তাদের পানামা সম্পদ কয়েক বিলিয়ন ডলারের এক চুক্তিতে বিক্রি করার পরিকল্পনা করেছিল।
এই প্রস্তাবিত চুক্তিতে ব্ল্যাকরক ও মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আগ্রহ দেখিয়েছিল। বেইজিং এ চুক্তির সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্বাগত জানিয়েছিলেন।
ট্রাম্প বহুবার প্রকাশ্যে বলেছেন, তিনি পানামা খালের ওপর আবার যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চান এবং এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের কৌশলগত উপস্থিতি কমাতে চান।
চীনের জন্য পানামা খালের গুরুত্ব
বিশ্লেষকদের মতে, পানামা খাল চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বিশেষ করে সয়াবিন ও বিভিন্ন খনিজ আমদানির ক্ষেত্রে এই রুটের ওপর অনেকটাই নির্ভরশীল চীন।
শু ই সতর্ক করে বলেন, যদি ভূরাজনৈতিক উত্তেজনার কারণে খালের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়, তবে চরম পরিস্থিতিতে চীনের এসব পণ্যের আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 



















