ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের জবানবন্দির ভিত্তিতে পুনরায় তদন্ত করার দাবি উঠেছে। একই সঙ্গে হত্যার পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের বাইরে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।
হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন ইকবাল হাসান স্বপন। সেখানে বক্তব্য দেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, সাবেক ছাত্রনেতা ভিপি মাসুম, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, বিএনজিপির চেয়ারম্যান নাসির উদ্দিন মৃধা এবং শহীদুন্নবী ডাবলুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত হত্যার ঘটনা নয়, এর পেছনে পরিকল্পনা ও প্রভাবশালী চক্র জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই এই হত্যার নেপথ্যের সব তথ্য প্রকাশ করা এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারত থেকে আসামি ফেরত আনার দাবি
মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ও আলমগীর বর্তমানে ভারতে গ্রেপ্তার অবস্থায় রয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে জবানবন্দি নেওয়ার দাবি জানানো হয়। সেই জবানবন্দির ভিত্তিতে মামলার পূর্ণাঙ্গ পুনঃতদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারীদের শনাক্ত করতে হবে বলেও দাবি জানান বক্তারা।
তারা বলেন, হত্যার পেছনে কারা পরিকল্পনা করেছে এবং কারা অর্থ জোগান দিয়েছে তা খুঁজে বের করা জরুরি। এ ক্ষেত্রে তদন্তের মাধ্যমে সব তথ্য প্রকাশ করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
মানববন্ধনে বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিও জানান তারা।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, এই হত্যার ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















