বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ ঘোষণা দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন নিউ এইজের সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহিদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর প্রকাশক আলতামাশ কবির।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের সম্পাদক ড. এম রামিজ উদ্দিন চৌধুরী এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক সৈয়দ নাসিম মনজুর।

সংবাদপত্র শিল্পে গুরুত্বপূর্ণ সংগঠন
সংবাদপত্র মালিকদের এই সংগঠনটি দেশের সংবাদপত্র শিল্পের বিভিন্ন নীতি, স্বার্থ ও সমস্যা নিয়ে কাজ করে থাকে। নতুন কমিটির নেতৃত্বে সংবাদপত্র শিল্পের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং গণমাধ্যম খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সারাক্ষণ রিপোর্ট 



















