পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারত থেকে সম্ভাব্য ‘পুশ-ইন’ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে মুসলমানদের ‘পুশ-ইন’ বাড়তে পারে কি না—এমন আশঙ্কা নিয়ে সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। যদিও সরকার এখনই এমন পরিস্থিতির সুস্পষ্ট আশঙ্কা দেখছে না, তবুও সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে।
তিনি বলেন, “আমরা বিজিবিকে সীমান্ত এলাকায় সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি। যদিও এমন পরিস্থিতির সম্ভাবনা আমরা দেখছি না, তারপরও যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসকদের জন্য আইনশৃঙ্খলা রক্ষা একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে পুলিশ, জেলা প্রশাসন ও বিচার বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করে থাকে।
তিনি বলেন, “এটি কোনো আলাদা নির্দেশনার বিষয় নয়। মূল বিষয় হলো প্রশাসনের বিভিন্ন অংশের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।”

মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে।
তার ভাষায়, “মাদক ও অনলাইন জুয়া এখন বড় ধরনের সামাজিক হুমকি। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।”
অনলাইন জুয়ার অ্যাপ ও প্ল্যাটফর্ম নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে অপরাধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। সে কারণে নতুন ধরনের অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অবৈধ ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম বন্ধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, মাদক ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণকে সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে দেখছে।
সীমান্তে বিজিবির সতর্কতা
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারত সীমান্তে সতর্ক থাকতে বিজিবিকে নির্দেশ দিয়েছে সরকার।
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য ‘পুশ-ইন’ ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















