যুক্তরাষ্ট্রজুড়ে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় পরিবর্তন দেখা দিয়েছে। কেউ ব্যক্তিগত গাড়ি কম চালাচ্ছেন, কেউ গণপরিবহনে ঝুঁকছেন, আবার কেউ খুঁজে নিচ্ছেন একেবারেই অদ্ভুত সমাধান। বাড়তি খরচ সামাল দিতে এখন অনেকেই জীবনযাত্রা বদলে ফেলতে বাধ্য হচ্ছেন।
জর্জিয়ার এলেনউড এলাকার ৩০ বছর বয়সী এক মিস্ত্রি নিজের পুরোনো খেলনা গাড়িতে ছোট ইঞ্জিন বসিয়ে বাজারে যাতায়াত করছেন। সাধারণ গাড়ির জ্বালানি খরচ বহন করতে না পেরে তিনি এই ব্যতিক্রমী উপায় বেছে নিয়েছেন। তার মতে, প্রতিবার গাড়িতে জ্বালানি ভরতে যে পরিমাণ টাকা লাগে, তা এখন আর সামর্থ্যের মধ্যে নেই।
জ্বালানির দাম বাড়ায় বদলে যাচ্ছে অভ্যাস
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানির গড় দাম ৪ ডলারেরও বেশি হয়ে গেছে। ফলে অনেকেই দূরে যাওয়া কমিয়ে দিয়েছেন। কেউ কাছের দোকানেই কেনাকাটা করছেন, আবার কেউ দীর্ঘ ভ্রমণ বাতিল করছেন। বিশেষ করে বড় গাড়ি ব্যবহারকারীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন।

ওয়াশিংটনের বাসিন্দা এক তরুণী জানান, আগে তিনি নিয়মিত দীর্ঘ পথ গাড়ি চালিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেন। এখন তিনি বাস ও ট্রেন ব্যবহার করছেন। তার ভাষায়, এত বেশি জ্বালানির দাম আগে কখনও দেখেননি। তিনি এখন এমন পেট্রোল পাম্প এড়িয়ে চলেন যেখানে দাম আরও বেশি।
গণপরিবহনে বাড়ছে যাত্রী
জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে গণপরিবহনেও। বিভিন্ন শহরে বাস ও ট্রেনে যাত্রীসংখ্যা বেড়েছে। স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ বলছে, অফিসগামী মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এখন গণপরিবহনের দিকে ঝুঁকছেন।
মেইনের একটি শহরে চলতি বছরের শুরু থেকে বাসযাত্রী প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। কর্মকর্তাদের মতে, এই পরিবর্তন শুধু নিম্ন আয়ের মানুষের মধ্যে নয়, সব শ্রেণির মানুষের মধ্যেই দেখা যাচ্ছে।
ব্যবসার নতুন কৌশল
জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেউ কেউ আবার ব্যবসার সুযোগ হিসেবেও দেখছেন। ম্যাসাচুসেটসের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প পরিচালনাকারী এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন যে, সন্তানদের ক্যাম্পে পাঠালে অভিভাবকদের যাতায়াত খরচ কমবে। তার এই প্রচারণা বেশ আলোচনাও তৈরি করেছে।
সহায়তায় গ্যাস কার্ড বিতরণ
ক্যালিফোর্নিয়া ও শিকাগোর মতো বিভিন্ন এলাকায় মানুষকে সহায়তা দিতে গ্যাস কার্ড বিতরণ শুরু হয়েছে। কিছু প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন সীমিত আয়ের পরিবারগুলোর জন্য বিনামূল্যে জ্বালানি সহায়তা দিচ্ছে। তাদের মতে, অনেক পরিবারের জন্য যাতায়াত এখন বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার প্রয়োজন।
বৈদ্যুতিক গাড়ির আলোচনা বাড়ছে
জ্বালানির বাড়তি দামের কারণে বৈদ্যুতিক গাড়ি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো ব্যাপক হারে বৈদ্যুতিক গাড়ি কেনার প্রবণতা দেখা যায়নি, তবে যারা আগে থেকেই এমন গাড়ি ব্যবহার করছেন তারা তুলনামূলক স্বস্তিতে আছেন।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম বেশি থাকলে মানুষের পরিবহন অভ্যাসে আরও বড় পরিবর্তন আসতে পারে। এতে গণপরিবহন ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়তে পারে।


সারাক্ষণ রিপোর্ট 



















