মানুষের ইতিহাসে প্রথম সরঞ্জাম বা প্রযুক্তি কী ছিল—এই প্রশ্ন বহুদিন ধরেই গবেষকদের আগ্রহের কেন্দ্র। অনেকের ধারণা, পাথরের অস্ত্র বা শিকারি সরঞ্জামের আগেই হয়তো মানুষ তৈরি করেছিল শিশুকে বহনের উপায়। সাম্প্রতিক এক গবেষণায় সেই ধারণা নতুন করে আলোচনায় এসেছে।
গবেষকদের মতে, শিশুবাহক বা বেবি ক্যারিয়ারকে সরাসরি মানুষের প্রথম সরঞ্জাম বলা না গেলেও, মানব বিবর্তনে এর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষসহ বৃহৎ বনমানুষদের শিশুরা জন্মের পর দীর্ঘ সময় অভিভাবকের শরীরের ওপর নির্ভরশীল থাকে। কিন্তু মানুষের পূর্বপুরুষদের শিশুদের একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল।
শিশুদের পরিবর্তিত শারীরিক সক্ষমতা
গবেষণায় বলা হয়েছে, কয়েক মিলিয়ন বছর আগে মানুষের পূর্বপুরুষদের শিশুরা ধীরে ধীরে মায়ের শরীরে শক্তভাবে আঁকড়ে থাকার ক্ষমতা হারাতে শুরু করে। অন্য অনেক বনমানুষের শিশু সহজেই মায়ের গায়ে লেগে থাকতে পারলেও মানুষের ক্ষেত্রে বিষয়টি আলাদা হয়ে যায়।
এর ফলে শিশুদের পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, একই সঙ্গে শিকারির আক্রমণের আশঙ্কাও তৈরি হয়। অন্যদিকে বাবা-মাকে যদি সবসময় হাতে করে শিশু বহন করতে হতো, তাহলে তাদের খাদ্য সংগ্রহ ও চলাফেরাও কঠিন হয়ে যেত। তাই টিকে থাকার স্বার্থেই কোনো না কোনো ধরনের শিশুবহন পদ্ধতি তৈরি হওয়া ছিল প্রায় অবশ্যম্ভাবী।

মানব বিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকা প্রযুক্তি
গবেষকদের ধারণা, এই শিশুবাহক প্রযুক্তি হয়তো কাপড়, গিঁট বা উন্নত সরঞ্জামেরও আগের। তাই এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আজ আর পাওয়া যায় না। কারণ সেসব উপকরণ ছিল সহজ ও নষ্ট হয়ে যাওয়ার মতো উপাদানে তৈরি।
তবে ধারণা করা হয়, প্রায় ২০ থেকে ৪০ লাখ বছর আগে দ্বিপদে হাঁটা মানব পূর্বপুরুষদের সময়েই শিশুবহন প্রযুক্তি বেশ পরিচিত হয়ে ওঠে। বিশেষ করে অস্ট্রালোপিথেকাস আফারেনসিস প্রজাতির সময় এ ধরনের ব্যবস্থার ব্যবহার ছিল বলেই মনে করছেন গবেষকেরা।
শুধু মানুষের নয়, দীর্ঘ প্রযুক্তিগত যাত্রার অংশ
গবেষণায় আরও বলা হয়েছে, প্রযুক্তি শুধু মানুষের একার বিষয় নয়। মানুষ তার আগের প্রজাতিগুলোর কাছ থেকেও নানা অভিযোজন ও উপায় উত্তরাধিকার হিসেবে পেয়েছে। আধুনিক মানুষ পৃথিবীতে আসার বহু আগেই নিয়ান্ডারথালসহ অন্যান্য মানবপ্রজাতি পোশাক, অলংকার ও বিভিন্ন ব্যবহারিক জিনিস তৈরি করত।
এই প্রেক্ষাপটে শিশুবাহককে শুধু একটি সরঞ্জাম নয়, বরং মানব টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। গবেষকদের ভাষায়, মানুষ হয়তো শিশুবাহক আবিষ্কার করেনি, বরং শিশুবাহকই মানুষের বিবর্তনকে সম্ভব করেছে।
মানুষের বিবর্তন ও শিশুবহন প্রযুক্তি নিয়ে নতুন এই আলোচনা এখন ইতিহাস ও নৃতত্ত্ববিদদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
মানব বিবর্তনে শিশুবাহকের গুরুত্ব নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। টিকে থাকার লড়াইয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ প্রযুক্তি।
সারাক্ষণ রিপোর্ট 


















