চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা সংশোধন করে ৮২ জন বলা হয়েছে। প্রথমদিকে মৃতের সংখ্যা ৯০ জন জানানো হলেও পরে স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার পর চরম বিশৃঙ্খলার কারণে প্রাথমিক হিসাব ভুল হয়েছিল।
শুক্রবার রাতে চিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি গত ১৭ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৯ সালে হেইলুংচিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন।
দুর্ঘটনার পর বিভ্রান্তি
স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর শ্রমিকদের উপস্থিতির সঠিক তালিকা না থাকায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা বেশি ধরা হয়েছিল।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলাকালে চারদিকে বিশৃঙ্খলা তৈরি হয়। কোম্পানির কাছেও তখন কর্মরত শ্রমিকদের স্পষ্ট হিসাব ছিল না। ফলে ভুল তথ্য প্রকাশিত হয়।
এখনও নিখোঁজ দুই শ্রমিক
নতুন তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮ জন। আরও ৩৫ জন শ্রমিক অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছেন।
উদ্ধারকর্মীরা এখনও খনির ভেতরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
খনি বন্ধ, কর্মকর্তাদের আটক

লিউশেনইউ খনিটি শানসি তংঝৌ কোল কোকিং গ্রুপের মালিকানাধীন। দুর্ঘটনার পর কোম্পানির সব খনি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
চীনের বিদ্যুৎ খাতের বড় অংশ এখনও কয়লার ওপর নির্ভরশীল। দেশটি গত বছর বিপুল পরিমাণ কয়লা উত্তোলন করেছে। ফলে খনি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ আবারও সামনে এসেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের দ্রুত চিকিৎসা এবং উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঘটনার পূর্ণ তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমগুলোও শিল্প নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি তুলেছে। বিশেষ করে উন্নয়নের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারাক্ষণ রিপোর্ট 


















