বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এক চিঠির মাধ্যমে বেসরকারি খাতের এই ব্যাংককে সিদ্ধান্তটি জানায়। এর কয়েক ঘণ্টা আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক এম জুবাইদুর রহমান।
তবে নতুন চেয়ারম্যান নিয়োগের এই সিদ্ধান্তকে ঘিরে ইসলামী ব্যাংকের ভেতরে অসন্তোষ ও করপোরেট সুশাসন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যাংকের একাধিক কর্মকর্তা মনে করছেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে খুরশিদ আলমের ভূমিকা নিয়ে বিতর্ক ছিল এবং সে কারণেই ২০২৪ সালের আগস্টে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের চাপে তাকে পদ ছাড়তে হয়েছিল।

নিয়োগ নিয়ে প্রশ্ন
ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় খুরশিদ আলম বিশেষ সুবিধা ভোগ করেছেন এবং বিতর্কিত কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে সহায়তা করেছেন বলে অভিযোগ ছিল। এমন একজনকে ইসলামী ব্যাংকের নেতৃত্বে বসিয়ে কীভাবে সুশাসন নিশ্চিত করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে খুরশিদ আলম নিজেও নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে বাংলাদেশ ব্যাংক থেকে ফোনে তাকে বিষয়টি জানানো হয়। পরে আনুষ্ঠানিক নিয়োগপত্র দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের অবস্থান
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গভর্নর মোস্তাকুর রহমানের নির্দেশে এবং সরকারের একটি বিশেষ মহলের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার পরিবর্তনের পর ‘মব জাস্টিস’-এর মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা আর্থিক অনিয়ম পাওয়া যায়নি। সে কারণেই তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে।
পেশাগত জীবন ও অভিজ্ঞতা
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকার তিন বছরের চুক্তিতে খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর একই বছরের আগস্টে আরও তিনজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ সম্পন্ন করা খুরশিদ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং প্রবিধান ও নীতি, ব্যাংক পরিদর্শন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার, অফসাইট সুপারভিশন এবং এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংক খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সুশাসন, নিয়োগ প্রক্রিয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।

সারাক্ষণ রিপোর্ট 



















