যুক্তরাষ্ট্রের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর সংস্কার না হলে আগামী কয়েক দশকের মধ্যে লাখো মানুষ পর্যাপ্ত সঞ্চয় ছাড়াই অবসরে যেতে বাধ্য হতে পারেন। তবে ইতিবাচক দিক হলো, সরকার, আইনপ্রণেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে এই সংকট মোকাবিলায় উদ্যোগ বাড়াচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রবীণদের অনেকেই তুলনামূলকভাবে আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় অবসরে প্রবেশ করলেও তরুণ প্রজন্মের সামনে পরিস্থিতি অনেক বেশি কঠিন। কর্মজীবনের ধরন দ্রুত বদলে যাওয়ায় ভবিষ্যতের অবসর পরিকল্পনাও আগের মতো থাকবে না।
অবসর সঞ্চয়ে পিছিয়ে কোটি মানুষ
গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের বিপুলসংখ্যক কর্মী কর্মস্থলের কোনো অবসর সঞ্চয় কর্মসূচির আওতায় নেই। ফলে নিয়মিত আয়ের একটি অংশ দীর্ঘমেয়াদে সঞ্চয়ের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
বিশেষ করে যাদের অবসরের বয়স ঘনিয়ে এসেছে, তাদের অনেকের সঞ্চয় ভবিষ্যতের প্রয়োজনের তুলনায় খুবই কম। এতে অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তার ঝুঁকি বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, কর্মজীবনের শুরু থেকেই বেতনের একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় হিসেবে জমা হওয়ার ব্যবস্থা থাকলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
রাজ্যগুলোর উদ্যোগে মিলছে ইতিবাচক ফল
জাতীয় পর্যায়ে একক কর্মসূচি না থাকলেও বিভিন্ন অঙ্গরাজ্য নিজস্ব অবসর সঞ্চয় কর্মসূচি চালু করেছে। অনেক রাজ্যে নিয়োগদাতাদের কর্মীদের জন্য অবসর পরিকল্পনা চালু করা বা সরকারি সহায়তাপ্রাপ্ত সঞ্চয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
এসব উদ্যোগের ফলে ইতোমধ্যে লাখো কর্মী নতুনভাবে সঞ্চয়ের আওতায় এসেছেন এবং বিপুল পরিমাণ অর্থ দীর্ঘমেয়াদি তহবিলে জমা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চয়ের সুযোগ সহজ হলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরাও নিয়মিত অর্থ জমাতে আগ্রহী হন।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে অবসর সঞ্চয়কে উৎসাহিত করতে নতুন আইন ও প্রণোদনা চালু হয়েছে। আগামী বছর থেকে নির্দিষ্ট সঞ্চয় কর্মসূচিতে সরকারি আর্থিক সহায়তাও যুক্ত হবে। একই সঙ্গে জন্মের পর থেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয় গড়ে তোলার নতুন ব্যবস্থাও চালুর প্রস্তুতি চলছে।

সামাজিক নিরাপত্তা তহবিল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা
অবসর ব্যবস্থার আরেকটি বড় উদ্বেগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দশকের শুরুতেই তহবিলের সঞ্চিত অর্থ শেষ হয়ে যেতে পারে। তখন বিদ্যমান কর আয় দিয়ে পুরো ভাতা দেওয়া সম্ভব হবে না এবং মাসিক অর্থপ্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান আসবে। তবে সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে আসার আশঙ্কাই বেশি। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমানের তুলনায় বেশি ব্যক্তিগত সঞ্চয়ের ওপর নির্ভর করতে হতে পারে।
বদলে যাচ্ছে কর্মজীবনের ধারণা
নতুন প্রজন্মের অনেকেই একটি প্রতিষ্ঠানে টানা কয়েক দশক কাজ করার পরিবর্তে জীবনের বিভিন্ন পর্যায়ে পেশা বদল, উচ্চশিক্ষা, পরিবারকে সময় দেওয়া কিংবা সাময়িক বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন।
এই বাস্তবতায় অবসর আর শুধু কর্মজীবনের শেষ অধ্যায় নয়। বরং জীবনের বিভিন্ন সময়ে কাজ থেকে বিরতি নেওয়ার জন্যও আলাদা আর্থিক পরিকল্পনা প্রয়োজন হবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।
স্বাস্থ্যসেবায় আশার আলো
অবসর-পরবর্তী জীবনে স্বাস্থ্য ব্যয় বড় উদ্বেগ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা প্রযুক্তি একজন মানুষের সম্ভাব্য আয়ু আরও নির্ভুলভাবে নির্ধারণ করতে সাহায্য করবে। এতে অবসর পরিকল্পনাও হবে অনেক বাস্তবসম্মত।
এছাড়া উন্নত রোগ নির্ণয়, নতুন ওষুধ, ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে অগ্রগতি, মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আলঝেইমার রোগ দ্রুত শনাক্ত করার প্রযুক্তি আগামী কয়েক দশকে মানুষের সুস্থ জীবন আরও দীর্ঘ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আর্থিক সুরক্ষা ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা—এই দুই ক্ষেত্রেই এখন নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের কোটি মানুষের অবসর জীবন কতটা নিরাপদ হবে, তা নির্ধারণ করবে।
সারাক্ষণ রিপোর্ট 



















