কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান, প্রযুক্তিগত প্রতিযোগিতা, গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা কিংবা নিয়ন্ত্রণব্যবস্থা। কিন্তু এর বাইরেও একটি প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—এই প্রযুক্তির বিস্তারের মধ্যে মানুষের যোগাযোগের প্রকৃতি কীভাবে বদলে যাচ্ছে? প্রযুক্তি কী করতে পারে, তার চেয়েও বড় প্রশ্ন হলো প্রযুক্তির সঙ্গে বসবাস করতে করতে মানুষ নিজেই কী হয়ে উঠছে।
এই প্রশ্নের গুরুত্ব আরও বেড়ে যায় যখন আমরা বুঝতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আসলে ভাষা। এখন এমন এক সময়ে আমরা বাস করছি, যখন প্রতিদিন অসংখ্য লেখা, বার্তা, প্রতিবেদন, বিজ্ঞাপন, অনুবাদ কিংবা ব্যক্তিগত যোগাযোগের অংশ তৈরি করছে মানুষ নয়, অ্যালগরিদম। ফলে প্রযুক্তি আর কেবল একটি সরঞ্জাম নয়; এটি ধীরে ধীরে আমাদের ভাষাগত পরিবেশের অংশ হয়ে উঠছে।
মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর মানবসভ্যতায় যোগাযোগ ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন এসেছিল, বর্তমান সময় তার সমপর্যায়ের আরেকটি রূপান্তরের সাক্ষী। পার্থক্য হলো, এবার তথ্যের গতি বেড়েছে বহুগুণ, কিন্তু সেই সঙ্গে বেড়েছে একটি মৌলিক ঝুঁকিও। দ্রুত ভাষা তৈরি করা আর অর্থবহ যোগাযোগ তৈরি করা—এই দুটি বিষয় এক নয়।
একটি উন্নত ভাষা মডেল মুহূর্তের মধ্যে প্রবন্ধ লিখতে পারে, বইয়ের সারসংক্ষেপ দিতে পারে, শত শত ভাষায় অনুবাদ করতে পারে কিংবা প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু মানুষের অভিজ্ঞতা, সম্পর্ক, আবেগ, দ্বিধা কিংবা নৈতিক সিদ্ধান্তকে কি একইভাবে ধারণ করতে পারে? ভাষার বাহ্যিক দক্ষতা যতই বিস্ময়কর হোক, তা কখনোই মানুষের পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নয়।
এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সবচেয়ে বড় বিভ্রান্তি হতে পারে সাবলীলতাকে প্রজ্ঞা বলে ভুল করা। নিখুঁত বাক্যগঠন, সুন্দর শব্দচয়ন কিংবা যুক্তিসংগত অনুচ্ছেদ আমাদের সহজেই বিশ্বাস করিয়ে দিতে পারে যে আমরা গভীর কোনো চিন্তার মুখোমুখি হয়েছি। অথচ ভাষা কেবল ব্যাকরণের সমষ্টি নয়। ভাষার ভেতর থাকে ইতিহাস, সংস্কৃতি, অভিজ্ঞতা, ক্ষমতার সম্পর্ক এবং মানুষের পরিচয়ের বহুমাত্রিক প্রকাশ।
একজন মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষা তাঁর সামাজিক বাস্তবতার প্রতিফলন। একই দেশের বিভিন্ন উপভাষা বিভিন্ন জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, স্মৃতি ও সংস্কৃতিকে ধারণ করে। বহুভাষিক সমাজে একজন মানুষ প্রায়ই ভাষার মাধ্যমে একাধিক পরিচয় বহন করেন। এসব সূক্ষ্ম বাস্তবতা কেবল তথ্যের ভাণ্ডারে রূপান্তরিত করা সম্ভব নয়।

এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ প্রধানত সেই ভাষাগুলোকে কেন্দ্র করে, যেগুলোতে ডিজিটাল তথ্য বেশি এবং প্রযুক্তিগত প্রবেশাধিকারও বিস্তৃত। ফলে ছোট ভাষা, আঞ্চলিক ভাষা কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা ক্রমেই ডিজিটাল পরিসরে কম দৃশ্যমান হয়ে পড়তে পারে। ভাষাগত বৈচিত্র্য হারিয়ে গেলে হারিয়ে যাবে বহু সমাজের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক স্মৃতিও।
বাংলাদেশ, ফিলিপাইন কিংবা দক্ষিণ এশিয়ার মতো বহুভাষিক সমাজগুলোর জন্য এই বাস্তবতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যদি কেবল কয়েকটি প্রভাবশালী ভাষাকে আরও শক্তিশালী করে তোলে, তাহলে ভাষাগত ন্যায়বিচারের প্রশ্ন সামনে আসবে। কার ভাষা ভবিষ্যতের ডিজিটাল মানদণ্ড হবে, আর কার কণ্ঠ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে—এটি কেবল প্রযুক্তিগত নয়, সামাজিক ও রাজনৈতিক প্রশ্নও।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একপাক্ষিকভাবে আশীর্বাদ কিংবা অভিশাপ হিসেবে দেখার সুযোগ নেই। এটি শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যসেবা ও জ্ঞান বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে ভুল তথ্যের বিস্তার, জনমত প্রভাবিত করা, বৈষম্য বাড়ানো কিংবা মানুষের মধ্যে প্রকৃত সংলাপ কমিয়ে দেওয়ার ঝুঁকিও বহন করছে। কারণ প্রযুক্তি নিজে নিরপেক্ষ নয়; এর নকশা, ব্যবহার ও নিয়ন্ত্রণের মধ্যেই মানুষের মূল্যবোধ প্রতিফলিত হয়।
এই বাস্তবতায় সবচেয়ে জরুরি হয়ে ওঠে সংলাপের সংস্কৃতি। সুস্থ সমাজ কেবল তথ্যপ্রবাহের ওপর দাঁড়িয়ে থাকে না; দাঁড়িয়ে থাকে এমন এক যোগাযোগব্যবস্থার ওপর, যেখানে মানুষ একে অপরকে মনোযোগ দিয়ে শোনে, ভিন্নমতকে স্থান দেয় এবং পারস্পরিক সম্মান বজায় রাখে। শিক্ষক, সাংবাদিক, গবেষক কিংবা ভাষাবিদ—সবাইকে এই পরিবর্তনের প্রভাব নতুনভাবে মূল্যায়ন করতে হবে।
আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত এই নয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ভাষা দখল করে নেবে। বরং ঝুঁকিটি হলো, মানুষ নিজেই ধীরে ধীরে সেই গুণগুলো হারিয়ে ফেলবে, যেগুলো ভাষাকে মানবিক করে তোলে। মনোযোগ দিয়ে শোনা, সহমর্মিতা দেখানো, নিজের বক্তব্যের নৈতিক দায়িত্ব নেওয়া, ভিন্ন অভিজ্ঞতাকে বোঝার চেষ্টা করা—এসবই মানুষের যোগাযোগের মূল ভিত্তি।
যন্ত্র ভাষা তৈরি করতে পারে, কিন্তু ভাষার নৈতিক পরিণতি বহন করতে পারে না। একটি অ্যালগরিদম ক্ষমা চায় না, অনুতপ্ত হয় না, কাউকে সত্যিকারের সান্ত্বনা দেয় না কিংবা ভালোবাসার দায়িত্ব গ্রহণ করে না। এসব কাজ মানুষেরই।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাই প্রযুক্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি মানবিক যোগাযোগকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ ভাষা কেবল তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়; এটি বিশ্বাস গড়ে তোলে, সমাজকে যুক্ত করে এবং ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি তৈরি করে। প্রযুক্তির উন্নতির সঙ্গে যদি মানুষের এই মৌলিক সক্ষমতা ক্ষয়ে যায়, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে প্রযুক্তির নয়—মানবতার।
আরিয়ান ম্যাকালিঙ্গা বোরলঙ্গান 



















