মধ্যবয়সকে সাধারণত জীবনের স্থিতিশীল এক পর্যায় হিসেবে দেখা হয়। কর্মজীবনের অভিজ্ঞতা, পারিবারিক দায়িত্বের পরিণতি এবং জীবনের দীর্ঘ পথচলার ফলে এ সময়ে মানুষকে তুলনামূলকভাবে পরিণত ও মানসিকভাবে দৃঢ় বলে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মধ্যবয়স এমন এক সময়, যখন বাহ্যিক স্থিতিশীলতার আড়ালে জমে ওঠে গভীর মানসিক চাপ, আত্মপরিচয়ের সংকট এবং নিজের শরীরকে নিয়ে অসন্তোষ। এই জটিল বাস্তবতা অনেকের মধ্যে খাদ্যাভ্যাসজনিত মানসিক ব্যাধিকে নতুন করে জন্ম দেয় অথবা বহু বছর ধরে চাপা থাকা সমস্যাকে আবার সামনে নিয়ে আসে।
খাদ্যাভ্যাসের ব্যাধি নিয়ে প্রচলিত ধারণা এখনো মূলত কিশোরী বা তরুণীদের ঘিরেই সীমাবদ্ধ। ফলে পঞ্চাশ বা ষাটের কোঠায় পৌঁছানো কোনো নারী অতিরিক্ত খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ কিংবা শরীর নিয়ে অস্বাভাবিক উদ্বেগে ভুগলেও তা প্রায়ই গুরুত্ব পায় না। অনেকেই ধরে নেন, এ ধরনের সমস্যা বয়সের সঙ্গে নিজে থেকেই শেষ হয়ে যায়। অথচ চিকিৎসা-অভিজ্ঞতা ভিন্ন চিত্র তুলে ধরে। বহু নারী দশকের পর দশক একই সমস্যার সঙ্গে লড়াই করেন, কিন্তু সেটিকে কখনো রোগ হিসেবে দেখেন না।
মধ্যবয়সে জীবনের নানা পরিবর্তন একসঙ্গে এসে মানসিক চাপ বাড়িয়ে তোলে। সন্তানদের আলাদা হয়ে যাওয়া, বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদ, অবসর গ্রহণ, মেনোপজ, দীর্ঘস্থায়ী অসুস্থতা কিংবা জীবনের অর্জন-ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনা—সব মিলিয়ে অনেক নারী গভীর শূন্যতার মুখোমুখি হন। এর সঙ্গে যুক্ত হয় এমন একটি সামাজিক সংস্কৃতি, যেখানে যৌবন, সৌন্দর্য ও রোগা শরীরকে এখনও সাফল্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। ফলে বয়স বাড়ার স্বাভাবিক পরিবর্তনও অনেকের কাছে ব্যক্তিগত ব্যর্থতার মতো মনে হতে থাকে।
এই পরিস্থিতিতে খাদ্য অনেকের কাছে শুধু পুষ্টির উৎস নয়; বরং মানসিক আশ্রয় হয়ে ওঠে। দুঃখ, হতাশা, উদ্বেগ কিংবা একাকীত্ব থেকে সাময়িক মুক্তি পেতে কেউ অতিরিক্ত খাওয়ার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু সাময়িক স্বস্তির পর আসে অপরাধবোধ, আত্মঘৃণা এবং আরও কঠোরভাবে ওজন কমানোর চেষ্টা। এই চক্র বারবার চলতে থাকে এবং শেষ পর্যন্ত মানুষের চিন্তা, আচরণ ও দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে।
অনেক ক্ষেত্রে এই সমস্যার শিকড় কৈশোরেই তৈরি হয়। অল্প বয়সে শরীর নিয়ে লজ্জা, অতিরিক্ত ডায়েট, অনিয়ন্ত্রিত খাওয়া বা আত্মসম্মানের সংকট পরে জীবনের বিভিন্ন পর্যায়ে আবার ফিরে আসতে পারে। আবার এমনও হয়, দীর্ঘদিন কোনো লক্ষণ না থাকলেও বড় ধরনের ব্যক্তিগত সংকট বা মানসিক আঘাত নতুন করে খাদ্যাভ্যাসের ব্যাধির সূচনা ঘটায়। অর্থাৎ এটি শুধু অতীতের ধারাবাহিকতা নয়; জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু হতে পারে।
সবচেয়ে বড় সমস্যা হলো, মধ্যবয়সী নারীরা প্রায়ই চিকিৎসা নিতে দেরি করেন। পরিবারের সদস্যদের যত্ন, কর্মক্ষেত্রের দায়িত্ব কিংবা অন্যের প্রয়োজনকে নিজের আগে রাখার অভ্যাস তাদের নিজের কষ্টকে গুরুত্ব দিতে দেয় না। অনেকের মনে হয়, নিজের চিকিৎসার জন্য সময় বা অর্থ ব্যয় করা যেন এক ধরনের স্বার্থপরতা। এই মানসিকতা রোগকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে।

কিন্তু আশার দিকও রয়েছে। যথাযথ চিকিৎসা, মনস্তাত্ত্বিক সহায়তা, পুষ্টিবিদদের পরামর্শ এবং সমমনা মানুষের সমর্থন—এসব একত্রে কাজ করলে মধ্যবয়সী নারীদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ভালো। কারণ এই বয়সে অনেকেই নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে আন্তরিকভাবে আগ্রহী থাকেন। চিকিৎসার মূল উদ্দেশ্য শুধু অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ বন্ধ করা নয়; বরং নিজের আবেগকে বোঝা, মানসিক চাপকে স্বাস্থ্যকর উপায়ে মোকাবিলা করা এবং নিজের প্রতি সহানুভূতিশীল হতে শেখা।
এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। খাদ্যাভ্যাসের ব্যাধিকে কেবল ওজনের সমস্যা বা ইচ্ছাশক্তির ঘাটতি হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা, যার পেছনে থাকে আবেগ, সামাজিক চাপ, আত্মপরিচয় এবং দীর্ঘদিনের মানসিক অভিজ্ঞতার প্রভাব। তাই চিকিৎসাও হতে হবে বহুমাত্রিক এবং সহানুভূতিনির্ভর।
আমাদের সমাজে এখনও মধ্যবয়সী নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা খুব সীমিত। অথচ এই সময়ে তাদের জীবনেও বড় ধরনের পরিবর্তন ঘটে, যা অনেক সময় নীরবে গভীর সংকট তৈরি করে। যদি আমরা শুধু বাহ্যিক চেহারা বা ওজন নয়, মানুষের মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দিই, তাহলে অসংখ্য নারী অনেক আগেই প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
সুস্থতা কোনো নির্দিষ্ট বয়সের জন্য সংরক্ষিত নয়। জীবনের যেকোনো পর্যায়েই মানুষ নতুনভাবে শুরু করতে পারে। আর সেই শুরুটা সম্ভব হয় তখনই, যখন আমরা স্বীকার করি—নিজের যত্ন নেওয়া বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজন।
হলি গ্রিশক্যাট 


















