মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেই একসময় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ত। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই পরিচিত সমীকরণকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যুদ্ধ চলছে, সামরিক হামলা হচ্ছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আক্রমণের মুখে পড়ছে—তবু তেলের বাজারে আতঙ্ক আগের মতো বিস্ফোরক নয়। এই দৃশ্য কেবল বাজারের স্থিতিস্থাপকতার প্রমাণ নয়; বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান জ্বালানি সংকটের প্রকৃতি অতীতের বড় সংকটগুলোর তুলনায় মৌলিকভাবে ভিন্ন।
এ কারণেই নীতিনির্ধারকদের সামনে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তেলের দাম কত বাড়বে, সেটি নয়। বরং প্রশ্ন হলো—মধ্যপ্রাচ্যের সংঘাত কি বৈশ্বিক জ্বালানি প্রবাহ পুরোপুরি থামিয়ে দেওয়ার দিকে যাচ্ছে, নাকি এটি এমন এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার যুগ, যেখানে চলাচল অব্যাহত থাকবে, কিন্তু প্রতিটি ব্যারেল জ্বালানির সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ঝুঁকির মূল্য?
সংকটের ধরন বদলেছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বিশ্ব মূলত জ্বালানির সরবরাহপথ পুনর্বিন্যাসের চ্যালেঞ্জ মোকাবিলা করেছিল। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তেল ও গ্যাসের প্রবাহ ঘুরে গিয়েছিল, ফলে ব্যয় বেড়েছিল, কিন্তু সরবরাহ পুরোপুরি ধসে পড়েনি।
বর্তমান পরিস্থিতি সেই ধরনের নয়। এখন উৎপাদন ও সরবরাহ উভয়ই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব কেবল অপরিশোধিত তেলের বাজারে সীমাবদ্ধ নয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার উৎপাদনের কাঁচামাল, আন্তর্জাতিক নৌপরিবহন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল—সবকিছু মিলিয়ে অর্থনীতির ওপর যে চাপ তৈরি হচ্ছে, তা কেবল তেলের দামের গ্রাফ দেখে বোঝা সম্ভব নয়।
বাজারে যে মূল্য দেখা যায়, প্রকৃত অর্থনৈতিক ব্যয় তার চেয়ে অনেক বেশি।

ইরানের কৌশল আসলে কী?
বর্তমান সংকট বোঝার জন্য ইরানের লক্ষ্য বিশ্লেষণ করা জরুরি।
একটি সম্ভাবনা হলো, তেহরান হরমুজ প্রণালির ওপর কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। যদি সেটিই হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সামরিক সংঘাত, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং তেলের দামের নতুন বিস্ফোরণ ঘটতে পারে।
অন্য ব্যাখ্যাটি তুলনামূলকভাবে ভিন্ন। সেখানে ইরানকে সম্পূর্ণ অবরোধকারী শক্তি হিসেবে নয়, বরং এমন এক পক্ষ হিসেবে দেখা হয়, যারা চলাচল বন্ধ না করেই অনিশ্চয়তা বজায় রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়। অর্থাৎ জাহাজ চলবে, কিন্তু প্রতিটি যাত্রার সঙ্গে থাকবে অতিরিক্ত ঝুঁকি, বীমা ব্যয় ও বাজারে অনিশ্চয়তার প্রিমিয়াম।
এ পর্যন্ত ঘটনাপ্রবাহ দ্বিতীয় ব্যাখ্যাকেই বেশি সমর্থন করে। হামলা হয়েছে, কিন্তু জ্বালানি অবকাঠামোকে সম্পূর্ণ ধ্বংসের লক্ষ্যবস্তু করা হয়নি। একইভাবে সামুদ্রিক পরিবহনও পুরোপুরি অচল হয়ে পড়েনি। এর অর্থ, উভয় পক্ষই আপাতত পথ বন্ধ করার বদলে পথের মূল্য নির্ধারণ নিয়ে লড়াই করছে।
অর্থনীতির জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎ
এই দুই সম্ভাবনার অর্থনৈতিক পরিণতিও এক নয়।
যদি অনিশ্চয়তা স্থায়ী হলেও জ্বালানি প্রবাহ অব্যাহত থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি দীর্ঘ সময় ধরে উচ্চ জ্বালানি ব্যয়ের বোঝা বহন করবে। এতে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না, তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোকেও হয়তো অতিরিক্ত কঠোর সুদের নীতি গ্রহণ করতে হবে না।
কিন্তু যদি হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে যায়, তাহলে পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে। তখন জ্বালানির মূল্যবৃদ্ধি সাময়িক ধাক্কা হয়ে থাকবে না; তা দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে রূপ নিতে পারে। সেই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সামনে সুদের হার আরও বাড়ানো ছাড়া বিকল্প থাকবে না।
ফলে প্রতিটি নতুন সংঘাত, প্রতিটি হামলা কিংবা প্রতিটি কূটনৈতিক ঘোষণার পর বাজার এত দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কারণ বিনিয়োগকারীরা নিশ্চিত নন—তারা কি সীমিত ঝুঁকির যুগে আছেন, নাকি পূর্ণাঙ্গ অবরোধের পথে এগোচ্ছেন।
নীতিনির্ধারকদের কঠিন সমীকরণ
এখানেই সবচেয়ে বড় সংকট।
বিশ্বের বহু দেশে মূল্যস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার ওপরে। একই সময়ে সরকারি ঋণের বোঝাও বাড়ছে। ফলে প্রচলিত অর্থনৈতিক নীতিগুলোর কোনোটিই এখন পুরোপুরি কার্যকর নয়।
সুদের হার বাড়ালে মূল্যস্ফীতি কমতে পারে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে এবং ঋণ পরিশোধের চাপ বাড়বে।
অন্যদিকে ব্যাপক সরকারি প্রণোদনা দিলে মানুষের স্বস্তি বাড়লেও মূল্যস্ফীতি আবার উসকে উঠতে পারে এবং সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে।
আর কিছুই না করলে অর্থনীতি ধীরগতির হবে, কিন্তু ঋণের ব্যয় কমবে না।
অর্থাৎ তিনটি পথই ব্যয়বহুল।
তাই এখন প্রয়োজন আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সংঘাত নয়, সমন্বয়। সহায়তা দিতে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিল্পখাতকে, সবার জন্য সমান নগদ সহায়তা নয়। একই সঙ্গে সরকারি ঋণ ব্যবস্থাপনায়ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিতে হবে।
সব দেশের সক্ষমতা এক নয়
এই সংকট মোকাবিলার ক্ষেত্রেও বিশ্বের অর্থনীতিগুলোর অবস্থান এক রকম নয়।
যুক্তরাষ্ট্র এখনও তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ডলারের বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং মার্কিন সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তাদের কিছুটা বাড়তি সময় দেয়।
ইউরোজোনের পরিস্থিতি অনেক বেশি জটিল। বিভিন্ন সদস্য দেশের আর্থিক সক্ষমতার পার্থক্যের কারণে একই নীতি সবার জন্য সমানভাবে কার্যকর হয় না। ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করে।
জাপান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে আছে। তাদের বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইয়েনের অতিরিক্ত অবমূল্যায়ন ঠেকাতে সহায়ক হতে পারে।
অন্যদিকে যুক্তরাজ্যের সামনে পথ সবচেয়ে সংকীর্ণ। সীমিত রাজস্ব সক্ষমতা, দীর্ঘস্থায়ী বহিঃখাত ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতি দেশটির জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
শীতের আগেই নতুন বাস্তবতা
ধরে নেওয়া ভুল হবে যে সংঘাত কিছুটা কমলেই জ্বালানি বাজার দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
ইউরোপের গ্যাস মজুত বছরের এই সময়ের জন্য দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে নিচের পর্যায়ে রয়েছে। অন্যদিকে উপসাগরীয় সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলেও উৎপাদন ও রপ্তানি আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। ফলে সামনে শীত মৌসুমে ইউরোপের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা সীমিত।
এই বাস্তবতায় অর্থনীতির সবচেয়ে বড় শিক্ষা হলো—সংকটের গভীরতা বোঝার আগেই প্রস্তুতি নিতে হবে। কারণ বাজার যখন নিশ্চিত হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তখন কার্যকর নীতি গ্রহণের সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে যাবে।
সবচেয়ে বড় মূল্য তখন দেবে সাধারণ মানুষ—যাদের ঋণের কিস্তি বাড়বে, সঞ্চয়ের প্রকৃত মূল্য কমবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় আরও বেড়ে যাবে।
বর্তমান জ্বালানি সংকট তাই কেবল আরেকটি তেলের মূল্যবৃদ্ধির গল্প নয়। এটি এমন এক পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সূচনা, যেখানে যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না; তা সরাসরি মানুষের সংসার, রাষ্ট্রের বাজেট এবং বিশ্বের আর্থিক স্থিতিশীলতাকে নতুন নিয়মে পরিচালিত করতে শুরু করে।
জিন ফ্রিডার 


















