যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ঐতিহাসিক রোজ গার্ডেন আবারও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ ঘোষণা, সংবাদ সম্মেলন ও ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকা এই বাগান এখন নতুন নকশা, পাথরের মেঝে, স্বর্ণাক্ষরের সাজসজ্জা এবং ভাস্কর্যের কারণে নতুন রূপ পেয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সময় রোজ গার্ডেনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় ঘাসের বড় অংশ সরিয়ে পাথরের টাইলস বসানো হয়েছে এবং অনুষ্ঠানের জন্য টেবিল ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এই পরিবর্তনকে ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ঘোড়ার আস্তাবল থেকে ঐতিহাসিক বাগান
হোয়াইট হাউসের বর্তমান রোজ গার্ডেনের জায়গাটি এক সময় ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহৃত হতো। পরে সাবেক ফার্স্ট লেডিদের উদ্যোগে এলাকাটি ধীরে ধীরে একটি সৌন্দর্যমণ্ডিত বাগানে রূপ নেয়।

১৯০২ সালে ফার্স্ট লেডি এডিথ রুজভেল্ট সেখানে একটি উপনিবেশিক ধাঁচের বাগান তৈরি করেন। এতে বিভিন্ন ধরনের ফুল ও গাছ লাগানো হয়েছিল। ১৯১৩ সালে ফার্স্ট লেডি এলেন উইলসন সেই বাগান পরিবর্তন করে রোজ গার্ডেনের সূচনা করেন।
পরবর্তী সময়ে নকশাবিদ জর্জ ই বার্ন্যাপ ও বিয়াট্রিক্স ফ্যারান্ড বাগানটির কাঠামো তৈরি করেন। শুরুতে এটি ছিল মূলত ফুলের বাগান, যেখানে আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজনের চিন্তা ছিল না।
কেনেডি আমলে নতুন সৌন্দর্য
১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির সময় রোজ গার্ডেনে বড় পরিবর্তন আনা হয়। নকশাবিদ র্যাচেল ল্যামবার্ট মেলন বাগানটিকে নতুনভাবে সাজান।
তিনি বিভিন্ন ধরনের গোলাপ, ফুলের গাছ, আপেলজাতীয় ছোট গাছ এবং ম্যাগনোলিয়া গাছ যুক্ত করেন। ইউরোপের রাজকীয় বাগান দেখে অনুপ্রাণিত হয়ে কেনেডি চেয়েছিলেন, হোয়াইট হাউসেরও এমন একটি বাগান থাকুক যা আন্তর্জাতিক মর্যাদার প্রতীক হবে।
এই সময়ের নকশাই বহু বছর ধরে রোজ গার্ডেনের পরিচিত রূপ ধরে রেখেছিল।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী

রোজ গার্ডেন শুধু একটি বাগান নয়, এটি মার্কিন রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রেসিডেন্টদের নানা ঘোষণা, নিয়োগ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৩ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন এখানেই রুথ বেডার গিন্সবার্গকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়নের ঘোষণা দেন। এছাড়া বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠকও হয়েছে এই বাগানে।
১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিশিয়া নিক্সনের বিয়ের অনুষ্ঠানও হয়েছিল এই স্থানে। এটি ছিল হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম বড় আকারের বাইরের বিয়ের অনুষ্ঠান।
মেলানিয়া ট্রাম্পের পরিবর্তন
২০২০ সালে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রোজ গার্ডেনের আরেকটি বড় সংস্কার করেন। নতুন নকশায় চুনাপাথরের পথ তৈরি করা হয় এবং অনুষ্ঠান আয়োজনের জন্য আধুনিক প্রযুক্তির সুবিধা যোগ করা হয়।
তবে এই পরিবর্তনের সময় কেনেডি আমলের কিছু ছোট আপেলগাছ সরিয়ে অন্য স্থানে পুনরায় লাগানো হয়। বাগানের কিছু পুরোনো বসার ব্যবস্থাও পরিবর্তন করা হয়।
ট্রাম্পের নতুন রূপে রোজ গার্ডেন

২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প আবার রোজ গার্ডেনের নকশায় বড় পরিবর্তন আনেন। তার মতে, বড় অনুষ্ঠান আয়োজনের জন্য আগের ঘাসের মাঠ কার্যকর ছিল না।
নতুন নকশায় পাথরের টাইলস বসানো হয়েছে এবং বাইরের টেরেসের মতো বসার ব্যবস্থা করা হয়েছে। টাইলসে প্রেসিডেন্টের প্রতীক, মার্কিন পতাকার নকশা এবং অন্যান্য অলংকার যুক্ত করা হয়েছে।
এরপর বাগানে স্বর্ণাক্ষরের সাজসজ্জা যোগ করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির ভাস্কর্যও স্থাপন করা হয়েছে।
ইতিহাস, রাজনীতি ও বিতর্কের কেন্দ্র
রোজ গার্ডেনের নতুন রূপ নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ এটিকে আধুনিক ও অনুষ্ঠান উপযোগী পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে বাগানের ঐতিহ্যবাহী সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে শত বছরের বেশি সময় ধরে রোজ গার্ডেন যে মার্কিন ক্ষমতার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা নিয়ে কোনো বিতর্ক নেই। প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর নকশাও বদলেছে, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব এখনো অটুট রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















