সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে হটলাইন এখন বহু দেশের পরিচিত কূটনৈতিক ব্যবস্থা। কিন্তু বর্তমান ভূরাজনীতিতে সংঘাতের রূপ বদলে গেছে। যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমানের আগে এখন চাপ সৃষ্টি করা হচ্ছে সরবরাহ শৃঙ্খল, কাঁচামাল, রপ্তানি অনুমোদন এবং বাণিজ্যিক বিধিনিষেধের মাধ্যমে। ফলে প্রশ্ন উঠছে, যখন অর্থনীতি নিজেই কৌশলগত প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে, তখন কেবল সামরিক যোগাযোগ ব্যবস্থা দিয়ে কি সংকট মোকাবিলা সম্ভব?
চীন ও জাপানের সাম্প্রতিক সম্পর্ক এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল হচ্ছে—তাইওয়ান, আঞ্চলিক নিরাপত্তা এবং ইতিহাস নিয়ে মতবিরোধ বাড়ছে। কিন্তু একই সময়ে তাদের অর্থনীতি এখনও গভীরভাবে পরস্পরনির্ভর। এই দ্বৈত বাস্তবতা এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন খুব দ্রুত ব্যবসা-বাণিজ্যে পৌঁছে যাচ্ছে।
সম্প্রতি বিরল খনিজ বা রেয়ার আর্থকে ঘিরে যা ঘটেছে, তা এই পরিবর্তনের প্রকৃতি স্পষ্ট করে। চীনকে জাপানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি অনুমোদন কঠোর করাই যথেষ্ট হয়েছে। এর ফলে জাপানের শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত কাঁচামাল সংকটের আশঙ্কায় পড়ে, বিকল্প উৎস খুঁজতে শুরু করে এবং অতিরিক্ত মজুত তৈরির পথে হাঁটে। বাস্তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আগেই অনিশ্চয়তা অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এটাই বর্তমান অর্থনৈতিক চাপ প্রয়োগের নতুন বৈশিষ্ট্য। অতীতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হতে সময় লাগত। এখন প্রশাসনিক সিদ্ধান্ত, লাইসেন্সিং বিলম্ব বা সীমিত নিয়ন্ত্রণ কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানির বিনিয়োগ, উৎপাদন এবং বাজার পরিকল্পনাকে বদলে দিতে পারে। অর্থাৎ আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার চেয়েও অনিশ্চয়তা নিজেই একটি কার্যকর অস্ত্র হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো, এমন সংকট মোকাবিলার জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। সামরিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে হটলাইন, সমুদ্র ও আকাশে আচরণবিধি এবং বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা থাকলেও অর্থনৈতিক ক্ষেত্রে তেমন কোনো নির্দিষ্ট কাঠামো গড়ে ওঠেনি। রপ্তানি অনুমোদন, শুল্ক তদারকি, পর্যটন নির্দেশনা বা অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের পেছনে রাজনৈতিক বার্তা থাকলে তা ব্যাখ্যা করার বা দ্রুত পরিষ্কার করার কোনো স্থায়ী ব্যবস্থা নেই।
ফলে সংকট আরও জটিল হয়ে ওঠে। বাণিজ্য, পররাষ্ট্র ও নিরাপত্তা—তিনটি আলাদা প্রশাসনিক কাঠামো আংশিকভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করে, কিন্তু বাস্তব সংকট একযোগে তিনটি ক্ষেত্রকেই স্পর্শ করে। এই সমন্বয়হীনতার সুযোগেই অনিশ্চয়তা আরও বাড়ে এবং বাজার আগেভাগেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করে।
এ ধরনের অর্থনৈতিক চাপ সম্পূর্ণভাবে বন্ধ করা বাস্তবসম্মত নয়। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো দেশই নিজের অর্থনৈতিক উপকরণ ব্যবহার করার অধিকার ছাড়বে না। তাই লক্ষ্য হওয়া উচিত ভিন্ন—অর্থনৈতিক নির্ভরতার ঝুঁকি কমানো, চাপ প্রয়োগের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বাড়ানো এবং অন্তত এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যা সংকটের সময় বিভ্রান্তি কমাতে পারে।
জাপানের জন্য এর অর্থ হবে গুরুত্বপূর্ণ কাঁচামাল, রপ্তানি অনুমোদন, শুল্ক কার্যক্রম এবং পর্যটন নীতিকে একই ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থার আওতায় আনা। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার মতো অংশীদারদের সঙ্গে বিকল্প সরবরাহ, কৌশলগত মজুত এবং জরুরি সংগ্রহ ব্যবস্থায় আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা। নির্ভরতা যত কমবে, অর্থনৈতিক চাপের কার্যকারিতাও তত কমবে।
তবে কেবল বিকল্প সরবরাহই যথেষ্ট নয়। চীন ও জাপানের মধ্যে একটি সীমিত অর্থনৈতিক-নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থাও প্রয়োজন। এটি আস্থার প্রতীক হিসেবে নয়, বরং ঝুঁকি ব্যবস্থাপনার বাস্তব উপকরণ হিসেবে কাজ করতে পারে। কোনো প্রশাসনিক সিদ্ধান্তের আওতা কী, কতদিন তা কার্যকর থাকবে, বিদ্যমান বাণিজ্যিক চুক্তির ওপর তার প্রভাব কী হবে—এসব বিষয়ে দ্রুত ও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা থাকলে ব্যবসাপ্রতিষ্ঠানকে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে না।
এ ধরনের কাঠামোতে আগাম নোটিশ, লিখিত লাইসেন্সিং মানদণ্ড এবং নির্দিষ্ট সময় পরপর বিধিনিষেধ পর্যালোচনার মতো প্রক্রিয়াও অন্তর্ভুক্ত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তাজনিত ব্যতিক্রম অবশ্যই থাকবে, কিন্তু সেই ব্যতিক্রমের যৌক্তিকতা ব্যাখ্যা করা এবং পুনর্মূল্যায়নের সময়সীমা নির্ধারণ করলে নীতিগত স্বচ্ছতা বাড়বে।
চীনের জন্যও এমন ব্যবস্থার বাস্তব সুবিধা রয়েছে। বিরল খনিজে তার বর্তমান প্রভাব উল্লেখযোগ্য হলেও প্রতিবার এই শক্তি ব্যবহার করার ফলে অন্যান্য দেশ পুনর্ব্যবহার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিকল্প উৎসে ঝুঁকছে এবং দীর্ঘমেয়াদি মজুত গড়ে তুলছে। অর্থাৎ অতিরিক্ত চাপ প্রয়োগ শেষ পর্যন্ত সেই প্রভাবকেই দুর্বল করে দিতে পারে। ফলে উত্তেজনা ধীর করার একটি ব্যবস্থা বেইজিংয়ের নিজের স্বার্থও রক্ষা করতে পারে।
চীন-জাপান প্রতিদ্বন্দ্বিতা অদূর ভবিষ্যতে শেষ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সম্পর্কের উন্নতি না হলেও সংকট ব্যবস্থাপনার উন্নতি সম্ভব। পূর্ব এশিয়া বহু বছর ধরে সামরিক ভুল বোঝাবুঝি এড়াতে বিভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছে। এখন একই ধরনের চিন্তা অর্থনৈতিক ক্ষেত্রেও প্রয়োজন।
কারণ আজকের ভূরাজনীতিতে অর্থনৈতিক চাপ আর ধীরগতির কূটনৈতিক হাতিয়ার নয়; এটি দ্রুত, অনিশ্চিত এবং বহুমাত্রিক। তাই সামরিক সংঘাত ঠেকানোর জন্য যেমন নিরাপত্তা-বলয় তৈরি হয়েছে, তেমনি অর্থনৈতিক সংঘাতের গতিও নিয়ন্ত্রণে আনার জন্য প্রাতিষ্ঠানিক ‘ব্রেক’ তৈরি করা এখন পূর্ব এশিয়ার স্থিতিশীলতার অপরিহার্য শর্ত।
ডেভিড টিংশুয়ান ঝ্যাং 



















