রাশিয়ার আমুর অঞ্চলে সিনোপেক গ্রুপের একটি কারখানায় আকস্মিক দুর্ঘটনা থেকে সৃষ্ট আগুনে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য মস্কো নেওয়া হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।
আগুন নিয়ন্ত্রণে, অধিকাংশ কর্মী নিরাপদ
দূতাবাস জানিয়েছে, কারখানাটিতে হঠাৎ আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে কর্মরত অধিকাংশ কর্মী অক্ষত অবস্থায় নিরাপদে আছেন। দুর্ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে মস্কোতে স্থানান্তর করা হয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয়

নিহত শ্রমিকদের একজন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আটাকপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে জাকির হোসেন। অপরজন মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে মো. অনাল হোসেন রাজু।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ মিশন। মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট নিয়োগকর্তা প্রতিষ্ঠান সহায়তা করছে।
বাংলাদেশি কর্মীদের নিরাপত্তায় দূতাবাসের নজরদারি
দুর্ঘটনার পর রাশিয়ায় কর্মরত অন্য বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেয় দূতাবাস। সিনোপেক গ্রুপের ১০টি ইউনিটের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। আরও চারটি ইউনিটের কর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সিনোপেক গ্রুপের এসব ইউনিটে থাকা অন্য সব বাংলাদেশি শ্রমিক নিরাপদ ও সুস্থ আছেন। দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি কর্মীদের কল্যাণের বিষয়টি নিশ্চিত করতে মিশনের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ ও তদারকি চালিয়ে যাচ্ছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















