নিউইয়র্কে ভারতীয় প্রবাসীদের নিজেদের বসবাসের দেশের প্রতি দায়িত্বশীল ও অনুগত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, ভারতের সঙ্গে প্রবাসীদের জন্মভূমির সম্পর্ক থাকলেও তারা যে দেশে বসবাস করেন, সেটিই তাদের কর্মভূমি। তাই সেই দেশের প্রতি দায়িত্ব পালন ও আনুগত্যকে অগ্রাধিকার দিতে হবে।
শনিবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ভাগবত।
কর্মভূমির দায়িত্ব আগে
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে আরএসএস প্রধান বলেন, তারা যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে আয় করেন এবং সেই কারণেই নিজেদের একজন দায়িত্বশীল আমেরিকান হিসেবে গড়ে তুলতে হবে। তার ভাষায়, আমেরিকায় বসবাস করলে আমেরিকার প্রতি সত্যনিষ্ঠ আচরণ করতে হবে এবং কর্মভূমির দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
ভাগবত বলেন, ভারতের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক তাদের জন্মভূমির কারণে অব্যাহত থাকবে। তবে ভারতের জন্য কিছু করার ইচ্ছা থাকলেও তা কর্মভূমির দায়িত্ব পূরণের পর করা উচিত। তিনি স্পষ্ট করেন, জন্মভূমির জন্য কিছু করা নিষিদ্ধ নয়, কিন্তু সেটি বাধ্যতামূলকও নয়।
ভারতের মূল্যবোধ ধরে রাখার আহ্বান
প্রবাসীদের প্রতি ভারতের প্রত্যাশা প্রসঙ্গে ভাগবত বলেন, জন্মভূমি থেকে পাওয়া মূল্যবোধ তাদের জীবনে ধরে রাখতে হবে। এর মধ্যে ‘একত্ব’ বা সবার মধ্যে ঐক্যের ধারণাকে বিশেষ গুরুত্ব দেন তিনি।
ভাগবতের বক্তব্য অনুযায়ী, মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে প্রকৃতির একাত্মতার বোধ ভারতীয় মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। প্রবাসীরা যে দেশেই থাকুন না কেন, তাদের আচরণে এই মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত।
ভাগবতের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বিতর্ক
এদিকে মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে দেশটির বিভিন্ন মহলে বিরোধিতাও দেখা দিয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের কয়েকজন সদস্য তার সফরের বিরোধিতা করেছেন।
যুক্তরাষ্ট্রের কিছু নাগরিক সংগঠনের অভিযোগ, আরএসএস ভারতে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্য ও সহিংসতাকে উৎসাহিত করে।
অনুষ্ঠানে এসব উদ্বেগের প্রসঙ্গও উঠে আসে। জবাবে ভাগবত বলেন, আরএসএস কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়ার পক্ষে নয়। তিনি বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে কোনো মুসলমান থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। সব পথ একই লক্ষ্যে পৌঁছায়—হিন্দু দর্শনের এই ধারণায় বিশ্বাস রাখার কথাও বলেন তিনি।
ভারতীয় প্রবাসীদের দায়িত্ব ও আনুগত্য নিয়ে মোহন ভাগবতের এই বক্তব্য তার যুক্তরাষ্ট্র সফরের অন্যতম আলোচিত বার্তা হিসেবে সামনে এসেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















