মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের পর উজবেকিস্তানই এই অত্যাধুনিক যুদ্ধবিমানের দ্বিতীয় বিদেশি ক্রেতা হিসেবে সামনে এলো।
এতদিন উজবেকিস্তানের সামরিক বিমানবহরে রুশ নির্মিত যুদ্ধবিমানের আধিপত্য ছিল। চীনের জে-১০সিই কেনার সিদ্ধান্ত মধ্য এশিয়ার সামরিক বাজারে বেইজিংয়ের প্রভাব বাড়ার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২৪টি যুদ্ধবিমান কেনার খবর
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, উজবেকিস্তান চীনের কাছ থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। তবে এতদিন উজবেকিস্তান বা চীন—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি।
সম্প্রতি সেই অবস্থার পরিবর্তন হয়েছে। উজবেক প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে অন্তত ছয়টি জে-১০সিই যুদ্ধবিমান প্রদর্শন করেছে।
রাশিয়ার পরিবর্তে চীনের দিকে ঝুঁকছে মধ্য এশিয়া
উজবেকিস্তানের এই পদক্ষেপ চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ মধ্য এশিয়ার সামরিক সরঞ্জামের বাজারে দীর্ঘদিন ধরে রাশিয়ার শক্ত অবস্থান রয়েছে।
জে-১০সিই যুদ্ধবিমান যুক্ত হওয়ায় উজবেকিস্তানের বিমানবাহিনীতে চীনা প্রযুক্তির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে মধ্য এশিয়ার অন্যান্য দেশও ভবিষ্যতে চীনা সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহী হতে পারে বলে মনে করা হচ্ছে।
চীনের জন্য এটি শুধু একটি যুদ্ধবিমান বিক্রির ঘটনা নয়; বরং রুশ প্রভাববলয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জামের বাজার সম্প্রসারণেরও বড় সাফল্য।
সারাক্ষণ রিপোর্ট 



















