চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরের দিকে উপজেলার পূর্ব কাঠগড় বিওসি মোড়ের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কালিয়াইশ ইউনিয়নের মাইজগাঁও এলাকার আবদুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের অটোরিকশাচালক আবদুস শুক্কুর (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন রোববার দুপুরের দিকে পূর্ব কাঠগড় বিওসি মোড়ের লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রেললাইন থেকে লোকজনকে সরিয়ে দেন।
লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও লেভেল ক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
সারাক্ষণ রিপোর্ট 



















