খেলোয়াড় হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়াই খালেদ ওলিয়ানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চোটে মাঠের পথ বন্ধ হয়ে গেলে তিনি ভেঙে পড়েননি, বরং ফুটবলকে কেন্দ্র করে নতুন এক গল্প বলার পথ খুঁজে নেন। সেই পথেই আজ তিনি আরব ফুটবলের এক পরিচিত কণ্ঠ, যিনি সংস্কৃতি, মানুষ আর স্থানকে ফুটবলের সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের কনটেন্টে।
ফুটবল থেকে কনটেন্টের পথে যাত্রা
শৈশবে খালেদ ওলিয়ানের স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়া। পরিবার আর নিজের স্বপ্ন পূরণের তাগিদে সেই পথে এগোচ্ছিলেন তিনি। কিন্তু এক সময় গুরুতর চোট সেই স্বপ্নের ইতি টানে। তখনই তিনি বুঝতে পারেন, মাঠে না থেকেও ফুটবলের সঙ্গে থাকা যায়। ফুটবল মিডিয়ার দিকে মনোযোগ ঘুরিয়ে তিনি শুরু করেন নতুন যাত্রা, যেখানে আবেগ আর নিষ্ঠাই হয়ে ওঠে মূল শক্তি।

কনটেন্টে নতুন দৃষ্টিভঙ্গি
খালেদ ওলিয়ান বলেন, এক সময় তিনি উপলব্ধি করেন কনটেন্ট শুধু সংখ্যা বা দর্শক বাড়ানোর বিষয় নয়, মানুষের ওপর প্রভাব রাখার ক্ষমতাও এতে রয়েছে। সেই উপলব্ধি থেকেই তিনি প্রচলিত ক্রীড়া কনটেন্টের সীমা ছাড়িয়ে ফুটবলকে মানুষের জীবন, সংস্কৃতি ও ভ্রমণের গল্পের সঙ্গে যুক্ত করেন। এই সিদ্ধান্ত সহজ ছিল না, তবে সেটিই আজ তার পরিচয় ও উদ্দেশ্য স্পষ্ট করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ও ঐতিহাসিক মাইলফলক
এই নতুন ধারার কাজই তাকে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি প্রথম আঞ্চলিক কনটেন্ট নির্মাতা হিসেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার স্বীকৃতি পান। তার ভাষায়, এই স্বীকৃতি স্থানীয় কনটেন্টকে বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ও পরিসর দিয়েছে। সাম্প্রতিক সময়ে মরক্কোতে আফ্রিকা কাপ ঘিরে তার কনটেন্টে ফুটে ওঠে আয়োজক দেশের আতিথেয়তা ও স্টেডিয়ামের উন্মাদনা।
দায়িত্ববোধ ও সংস্কৃতির সেতুবন্ধন
খালেদ মনে করেন, তার কাজ শুধু কভারেজে সীমাবদ্ধ নয়। তিনি নিজেকে দেখেন মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরির এক দায়িত্বশীল ভূমিকায়। ফুটবল, ভ্রমণ আর দৈনন্দিন জীবনের হাস্যরস মিলিয়ে তৈরি তার ভিডিও গুলো দর্শকদের কাছে তাকে সৌদি ফুটবল সমর্থকদের কণ্ঠ হিসেবে পরিচিত করেছে।

সৌদি কনটেন্ট জগতের পরিবর্তন
সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে কনটেন্ট নির্মাতাদের পরিবেশ দ্রুত বদলেছে। খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি সমাজের নানা ক্ষেত্রে পরিবর্তনের ঢেউ লেগেছে। খালেদের মতে, এই রূপান্তর নির্মাতাদের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নতুন পথ খুলে দিয়েছে।
আরব সংস্কৃতিই গল্পের ভিত্তি
খালেদ ওলিয়ানের কনটেন্টে আরব সংস্কৃতি কোনো বাড়তি উপাদান নয়, বরং মূল ভিত্তি। ফুটবলের সার্বজনীন ভাষাকে ব্যবহার করে তিনি আরব পরিচয় ও আবেগ তুলে ধরেন এমনভাবে, যা ভাষার সীমা পেরিয়ে পৌঁছে যায় নানা দেশের দর্শকের কাছে। তিনি স্পষ্ট করেন, আরবি ভাষাই তার পরিচয়ের অংশ এবং সেটি বদলানোর প্রশ্ন নেই।

স্বীকৃতি ও টেকসই সাফল্যের দর্শন
দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে বর্ষসেরা আরব কনটেন্ট নির্মাতা হিসেবে সম্মানিত করা হয়। তার মতে, এই স্বীকৃতি শুধু সাময়িক জনপ্রিয়তার ফল নয়, বরং পরিকল্পিত কাজ, দল গঠন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করার ফল। তার বিশ্বাস, টেকসই সাফল্য আসে মূল্য তৈরি থেকে, ক্ষণস্থায়ী প্রবণতা থেকে নয়।
একাডেমি ও ভবিষ্যৎ প্রজন্ম
খালেদ ওলিয়ান তার শৈশবের স্বপ্ন থেকেই প্রতিষ্ঠা করেছেন একটি ফুটবল একাডেমি। এখানে শুধু প্রতিযোগিতা নয়, শিশুদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই লক্ষ্য। তিনি মনে করেন, অনেক প্রতিভা সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাবে হারিয়ে যায়। এই একাডেমির মাধ্যমে তিনি সেই শূন্যতা পূরণ করতে চান, যাতে খেলাধুলা শিশুদের সামাজিক ও শিক্ষাগত বিকাশে ভূমিকা রাখে।
মূলমন্ত্র ও জীবনের দর্শন
খালেদের জীবনের পথ চলার প্রেরণা আসে এক কবিতার পঙক্তি থেকে, যেখানে বলা হয় অল্প ভালো কিছুর আশা করলেও জীবনে তা কখনো কখনো প্রাচুর্য হয়ে ফিরে আসে। ভাঙা স্বপ্ন থেকে শুরু করে আজকের অবস্থানে পৌঁছানো তার জীবনের গল্প সেই কথারই বাস্তব উদাহরণ।
সারাক্ষণ রিপোর্ট 



















