বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সব ক্ষেত্রেই জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভবিষ্যতমুখীভাবে একসঙ্গে কাজ করতে চায় ভারত।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জনগণের মধ্যে যোগাযোগ গুরুত্বপূর্ণ
প্রণয় ভার্মা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তিনি জানান, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে একসঙ্গে কাজ করে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী।
নতুন সরকারের সঙ্গে কাজের প্রত্যাশা
বৈঠকে হাইকমিশনার পুনরায় উল্লেখ করেন, বাংলাদেশে গঠিত নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার প্রত্যাশা রাখে ভারত। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে তারা আগ্রহী।
তিনি আরও বলেন, এ বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে এবং এ সহযোগিতা এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
শিষ্টাচার সাক্ষাৎ ও মতবিনিময়
হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জানান, নতুন সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তার প্রথম বৈঠক। এটি মূলত শিষ্টাচার সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় ছিল।
নির্বাচনের পর উচ্চপর্যায়ের যোগাযোগ
প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং একই দিন তাদের মধ্যে টেলিফোনে কথাও হয়।
এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ঢাকায় এসে শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী রহমানের কাছে হস্তান্তর করা হয়।
ঐতিহাসিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
হাইকমিশনার বলেন, এসব যোগাযোগে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















