জাপানে নাগরিকত্ব পাওয়ার পথ আরও কঠিন হয়ে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত ১০ বছর দেশটিতে বসবাসের প্রমাণ দেখাতে হবে। একই সঙ্গে কর পরিশোধের নথিও আগের তুলনায় অনেক বেশি সময়ের জন্য জমা দিতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
বসবাসের শর্ত দ্বিগুণ
এতদিন জাপানের আইনে নাগরিকত্বের জন্য ন্যূনতম ৫ বছর বসবাসের শর্ত ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেটি বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সরকার বলছে, স্থায়ী বসবাসের নিয়মের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই পরিবর্তন আনা হয়েছে, যেখানে আগে থেকেই ১০ বছরের বসবাস বাধ্যতামূলক ছিল।

কর নথিতে কঠোর নজরদারি
শুধু বসবাস নয়, কর প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। আগে যেখানে এক বছরের কর রেকর্ড জমা দিলেই চলত, এখন থেকে আবেদনকারীদের গত ৫ বছরের কর পরিশোধের নথি দিতে হবে। এর ফলে আবেদনকারীদের আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা আরও গভীরভাবে যাচাই করা হবে।
আইন নয়, প্রক্রিয়ায় পরিবর্তন
এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য আইন সংশোধন করা হচ্ছে না। বরং আবেদন যাচাইয়ের প্রক্রিয়াতেই পরিবর্তন আনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে বিচারমন্ত্রীর হাতে, যিনি আবেদন গ্রহণ বা বাতিল করতে পারবেন।

অন্যান্য যোগ্যতার শর্ত
নাগরিকত্ব পেতে আবেদনকারীদের ‘সৎ চরিত্রের ব্যক্তি’ হতে হবে এবং নিজের জীবিকা নির্বাহের সক্ষমতা থাকতে হবে। এছাড়া দৈনন্দিন জীবনে বাধা না হওয়ার মতো জাপানি ভাষাজ্ঞান থাকা প্রত্যাশিত, যদিও এটি আইনে সরাসরি উল্লেখ নেই।
অনুমোদনের হার কী বলছে
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত বছর মোট ১৪ হাজার ১০৩টি আবেদনের মধ্যে ৯ হাজার ২৫৮টি অনুমোদন পেয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে এই হার আরও প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















