বিশ্ব দীর্ঘদিন ধরে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে উদ্বিগ্ন ছিল। কিন্তু একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে মানবসমাজ সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। এখন উদ্বেগের বিষয় মানুষ বেশি সন্তান নিচ্ছে না; বরং ক্রমেই কম মানুষ বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই পরিবার গঠন থেকে দূরে সরে যাচ্ছে। ফলে জন্মহারের পতন শুধু জনসংখ্যাগত পরিবর্তন নয়, এটি আধুনিক সমাজের গভীরতর সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক রূপান্তরের প্রতিফলন।
বিশ্বের অধিকাংশ দেশেই জন্মহার এখন জনসংখ্যা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে এই প্রবণতা সবচেয়ে স্পষ্ট হলেও ঘটনাটি এখন বৈশ্বিক। যে দেশগুলো একসময় তরুণ জনগোষ্ঠী ও জনসংখ্যাগত শক্তির জন্য পরিচিত ছিল, তারাও একই সংকটের দিকে এগোচ্ছে।
জন্মহার কমে যাওয়ার অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয়। শ্রমশক্তি সংকুচিত হয়, প্রবৃদ্ধির গতি কমে আসে, পেনশন ও কল্যাণমূলক ব্যবস্থার ওপর চাপ বাড়ে। কিন্তু সংখ্যার আড়ালে যে মানবিক বাস্তবতা লুকিয়ে আছে, সেটি আরও তাৎপর্যপূর্ণ। পরিবার, আত্মীয়তা ও সামাজিক সম্পর্কের যে কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে মানবসমাজকে টিকিয়ে রেখেছে, সেটিই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। একটি সমাজে যখন কম মানুষ পরিবার গড়ে, কম শিশু জন্মায় এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের সংখ্যা কমে যায়, তখন সেই সমাজে বিচ্ছিন্নতা, একাকীত্ব এবং অস্তিত্বগত অনিশ্চয়তা বাড়তে থাকে।
সমস্যার মূল কারণ শুধু এই নয় যে পরিবারগুলো কম সন্তান চায়। বরং ক্রমবর্ধমান সংখ্যক মানুষ পরিবার গঠনের পর্যায়েই পৌঁছাতে পারছে না। বিবাহ বিলম্বিত হচ্ছে, স্থায়ী সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে উঠছে এবং জীবনসঙ্গী খুঁজে পাওয়ার প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় জটিলতর হয়েছে। ফলে জন্মহারের সংকটকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটি একই সঙ্গে সম্পর্কের সংকট, বিবাহের সংকট এবং সামাজিক সংযোগের সংকট।
প্রযুক্তিগত অগ্রগতিও এই বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনকে অভূতপূর্বভাবে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে সামাজিক আচরণের প্রকৃতিও বদলে দিয়েছে। আগে মানুষের অবসর সময়ের বড় অংশ কাটত বন্ধু, প্রতিবেশী কিংবা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে। এখন সেই জায়গা দখল করেছে ব্যক্তিগত পর্দা। বিনোদন, কেনাকাটা, যোগাযোগ—সবকিছু ঘরে বসেই সম্পন্ন করা সম্ভব হওয়ায় বাস্তব জগতের সামাজিক মেলামেশা ক্রমশ সীমিত হয়ে পড়ছে।

এর ফলে তৈরি হয়েছে এক নতুন ধরনের নিঃসঙ্গতা। মানুষ প্রযুক্তিগতভাবে আগের চেয়ে বেশি সংযুক্ত হলেও সামাজিকভাবে অনেক বেশি বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা শুধু সম্পর্ক তৈরির সম্ভাবনাই কমিয়ে দেয় না; এটি উদ্বেগ, হতাশা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনাস্থাও বাড়িয়ে তোলে। আর যখন ভবিষ্যতের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যায়, তখন সন্তান লালন-পালনের মতো দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিও অনেকের কাছে অনিশ্চিত বা অনাকাঙ্ক্ষিত মনে হয়।
এই প্রেক্ষাপটে ধর্মীয় ও সম্প্রদায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। বিষয়টি কেবল ধর্মীয় বিশ্বাসের নয়; বরং সামাজিক বন্ধনের। ইতিহাসজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান মানুষকে একত্র করেছে, পরিবার গঠনে উৎসাহ দিয়েছে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার ধারণা তৈরি করেছে। যেসব সম্প্রদায়ে পরিবার, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক অংশগ্রহণের সংস্কৃতি এখনও শক্তিশালী, সেসব ক্ষেত্রে জন্মহার তুলনামূলকভাবে বেশি থাকার প্রবণতা দেখা যায়।
তবে এর অর্থ এই নয় যে আধুনিকতা, নারীর শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে অংশগ্রহণই সমস্যার উৎস। এসব পরিবর্তন সমাজকে আরও ন্যায়সঙ্গত ও সম্ভাবনাময় করেছে। কিন্তু প্রতিটি অগ্রগতির সঙ্গে নতুন চ্যালেঞ্জও আসে। আজকের মূল প্রশ্ন হলো—ব্যক্তিস্বাধীনতা, পেশাগত আকাঙ্ক্ষা এবং আধুনিক জীবনযাপনের সুবিধাগুলো অক্ষুণ্ন রেখে কীভাবে শক্তিশালী পরিবার ও সামাজিক বন্ধনের ভিত্তি পুনর্গঠন করা যায়।
সরকারি প্রণোদনা, আর্থিক সহায়তা কিংবা কর-সুবিধা কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু পরিবার গঠনের জন্য প্রয়োজনীয় আস্থা, অর্থবোধ এবং সামাজিক সমর্থনের পরিবেশ কোনো নীতিমালা এককভাবে সৃষ্টি করতে পারে না। এগুলো গড়ে ওঠে সংস্কৃতি, মূল্যবোধ এবং সামাজিক অভ্যাসের দীর্ঘমেয়াদি বিকাশের মধ্য দিয়ে।
জন্মহারের পতন তাই কেবল জনসংখ্যার বিষয় নয়; এটি আমাদের সময়ের একটি গভীর সভ্যতাগত প্রশ্ন। মানুষ কি ক্রমেই আরও একাকী হয়ে পড়ছে? ব্যক্তিকেন্দ্রিকতার বিস্তার কি সামাজিক বন্ধনের জায়গা সংকুচিত করে দিচ্ছে? যদি তা-ই হয়, তাহলে কম সন্তান জন্ম নেওয়া সেই বৃহত্তর পরিবর্তনের একটি উপসর্গ মাত্র।
প্রকৃত সংকট জনসংখ্যার নয়; সংকট মানুষের পারস্পরিক সংযোগ, ভবিষ্যতের প্রতি আস্থা এবং একসঙ্গে জীবন গড়ার ইচ্ছাশক্তির। আর সেই কারণেই জন্মহারের এই ধারাবাহিক পতন আগামী কয়েক দশকে অর্থনীতি বা রাজনীতির চেয়েও বড় সামাজিক প্রশ্নে পরিণত হতে পারে।
শাদি হামিদ 



















