চীনের একদল বিজ্ঞানী এমন একটি নতুন এক্স-রে চিত্র ধারণ পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে দ্রুতগতিতে চলমান বস্তুর ভেতরের দৃশ্যও বাস্তব সময়ে ভিডিও আকারে ধারণ করা সম্ভব হতে পারে। নতুন এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘এক্স-রে ঘোস্ট ইমেজিং’ পদ্ধতি।
গবেষকদের তৈরি ব্যবস্থা আকারে ছোট এবং পরীক্ষাগারেই সহজে স্থাপন করা যায়। এর মাধ্যমে ঘূর্ণায়মান বিমানের ইঞ্জিনের মতো দ্রুতগতির যন্ত্রাংশ কিংবা হৃদস্পন্দনের মতো জৈবিক গতিবিধিও পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।
প্রচলিত পদ্ধতির তুলনায় কম বিকিরণ
নতুন প্রযুক্তিটির অন্যতম বড় সুবিধা হলো, প্রচলিত এক্স-রে পদ্ধতির তুলনায় এতে কম মাত্রার বিকিরণ ব্যবহার করেই চিত্র ধারণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এর যন্ত্রপাতিও তুলনামূলকভাবে সরল ও কম ব্যয়বহুল।

গবেষকদের মতে, চলমান বস্তুর এক্স-রে চিত্র ধারণের জন্য বর্তমানে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির তুলনায় তাদের পদ্ধতিটি সাধারণ পরীক্ষাগারে ব্যবহৃত প্রচলিত এক্স-রে উৎস দিয়েই পরিচালনা করা সম্ভব।
তাদের তৈরি ব্যবস্থাটি সহজে স্থাপন করা যায়, পরিচালনাও তুলনামূলকভাবে সহজ এবং এর ব্যয়ও কম।
চিকিৎসা ও শিল্পে সম্ভাবনা
চীনা বিজ্ঞানীদের এই উদ্ভাবন চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শরীরের ভেতরে চলমান অঙ্গের গতিবিধি পর্যবেক্ষণে প্রযুক্তিটি ভবিষ্যতে কাজে লাগতে পারে।

একই সঙ্গে শিল্পক্ষেত্রেও এর ব্যবহার সম্ভব। দ্রুতগতিতে ঘুরতে থাকা বা চলমান যন্ত্রাংশের ভেতরের অবস্থা পরীক্ষা করতে এটি ব্যবহার করা যেতে পারে, যেখানে যন্ত্র খুলে পরীক্ষা করার প্রয়োজন হবে না।
চীনের বিজ্ঞানী ও সাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, চলমান যান্ত্রিক উপাদানের ক্ষতিহীন পরীক্ষা এবং চিকিৎসা চিত্রায়নে এই প্রযুক্তির বড় সম্ভাবনা রয়েছে।
গবেষণাটি ১৫ আগস্ট পর্যালোচিত বৈজ্ঞানিক সাময়িকী ‘কমিউনিকেশনস ফিজিক্স’-এ প্রকাশিত হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















