দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তিনজন সশস্ত্র ব্যক্তি ওই বাড়িতে ঢুকে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার সময় সেখানে একটি জমায়েত চলছিল। হামলাকারীরা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, যিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে ওই নারীসহ ১৩ জন পুরুষও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, হামলার পর ১০ জন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (ঘটনাটি ডারবান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে কোয়ামাখুথা এলাকায় ঘটে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতদের কয়েকজনকে কর্তৃপক্ষ আগে থেকেই চিনত। তাঁদের সঙ্গে হামলার কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলার পর সন্দেহভাজন তিন বন্দুকধারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দক্ষিণ আফ্রিকায় উচ্চমাত্রার সহিংস অপরাধের ঘটনা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি হত্যাকাণ্ড ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















