সিঙ্গাপুরের বুকিত বাতক এলাকায় একটি আবাসিক ভবনের ২০ তলার ফ্ল্যাট থেকে সাইকেলসহ বিভিন্ন জিনিস নিচে ছুড়ে ফেলার ঘটনায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রায় ছয় ঘণ্টার অবস্থান শেষে পুলিশ তাকে আটক করে।
ঘটনাটি ঘটে ২১ সেপ্টেম্বর, ব্লক ৩৯৩ বুকিত বাতক ওয়েস্ট অ্যাভিনিউ ৫-এ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে ওই ব্যক্তি জুতা নিচে ফেলতে শুরু করেন। পরে একে একে পোশাক, জুতা, সোফার কুশন, হেয়ার ড্রায়ার, একটি সাইকেল এবং শিশুর স্কুটারও নিচে ছুড়ে দেন।
এক প্রতিবেশী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রথমে বিষয়টি খুব গুরুতর মনে হয়নি। কিন্তু যখন সাইকেলও নিচে ছুড়ে ফেলা হয়, তখন বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন।
সিঙ্গাপুর পুলিশ ও সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স জানায়, সকাল ১১টার দিকে তারা ওই ভবনে সহায়তার জন্য ফোন পায়। পরে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি নিজের ফ্ল্যাটের ভেতরে নিজেকে আটকে রেখেছেন এবং দরজা খুলতে অস্বীকৃতি জানাচ্ছেন।
পুলিশের প্রাথমিক মূল্যায়নে তাকে নিজের জন্য বিপজ্জনক অবস্থায় মনে হওয়ায় বিশেষ অভিযান কমান্ড, সংকট মোকাবিলায় আলোচনাকারী ইউনিট এবং সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।
ঘটনাস্থলে নিরাপত্তার জন্য নিচে দুটি বিশেষ নিরাপত্তা বায়ু-কুশন স্থাপন করে সিভিল ডিফেন্স ফোর্স। পাশাপাশি তাদের দুর্যোগ সহায়তা ও উদ্ধারকারী দলের সদস্যরা ভবনের ওপর থেকে দড়ি বেয়ে ওই ফ্ল্যাটের কাছাকাছি অবস্থান নেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ ভবনের নিচে প্রায় অর্ধেক বাস্কেটবল কোর্টের সমান এলাকা ঘিরে দেয়। বাসিন্দাদের নিরাপত্তার জন্য পুলিশ তাদের ওই এলাকায় দাঁড়িয়ে না থাকার অনুরোধ করে। তবে অনেকেই নির্ধারিত নিরাপত্তা এলাকার বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিলেন।
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ২০ তলার একটি ফ্ল্যাটের জানালায় খালি গায়ে ওই ব্যক্তিকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথমে তিনি বসার ঘরের একটি সোফায় বসেছিলেন। পরে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যান। একপর্যায়ে জানালায় হাত রেখে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। মাঝে মাঝে তাকে নিজের সঙ্গে কথা বলতেও দেখা যায়। পরে তিনি আবার ঘরের ভেতরে চলে যান।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ওই ব্যক্তির ফ্ল্যাটের ওপরের অংশে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা নিরাপত্তা জাল নিয়ে অবস্থান করছিলেন।
পরে পুলিশ দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটের সামনের ধাতব গেট কেটে পুলিশ ভেতরে প্রবেশ করে। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশ ওই ফ্ল্যাটে ঢুকতে সক্ষম হয় এবং ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
সারাক্ষণ রিপোর্ট 


















