সিঙ্গাপুরের আং মো কিও এলাকায় নিজ বাসায় একা থাকা ৭২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কয়েক দিন তাকে দেখা না যাওয়ার পর প্রতিবেশীরা তার ফ্ল্যাটের প্রধান দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে বিষয়টি টের পান।
ঘটনাটি ঘটে ব্লক ৫৩০, আং মো কিও অ্যাভিনিউ ১০-এর একটি এইচডিবি ফ্ল্যাটে। ২১ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশীরা দরজার নিচ দিয়ে রক্ত জমে বাইরে বেরিয়ে আসতে এবং দুর্গন্ধ পেতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে বাসার ভেতরে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের একজন চিকিৎসাকর্মী ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীদের একজন স্থানীয় সংবাদমাধ্যম শিন মিন ডেইলি নিউজকে জানান, তার মা সর্বশেষ ১৭ সেপ্টেম্বর ওই বৃদ্ধকে দেখেছিলেন। সাধারণত বৃদ্ধ তার বাসার দরজা-জানালা খোলা রাখতেন না। তবে বসার ঘরের আলো ও টেলিভিশন প্রায়ই চালু থাকত।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিবেশীর পরিবার লক্ষ্য করে, তার বাসাটি অস্বাভাবিকভাবে অন্ধকার। বিষয়টি তাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এরপর পুরো সপ্তাহান্তেও বৃদ্ধকে দেখা যায়নি।
শেষ পর্যন্ত ২১ সেপ্টেম্বর বিকেলে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। একই সময় দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন।
প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, বৃদ্ধ গত প্রায় পাঁচ বছর ধরে একাই বসবাস করছিলেন। পরিবারের সদস্যরা অন্যত্র চলে যাওয়ার পর তিনি একা হয়ে পড়েন। তার মানসিক অবস্থাও ভালো ছিল না বলে প্রতিবেশী জানান। তাকে খোঁজখবর নিতে সমাজকর্মীরা নিয়মিত বাসায় আসতেন।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, ২১ সেপ্টেম্বর ওই ঠিকানায় অস্বাভাবিক মৃত্যুর একটি ঘটনায় তাদের সতর্ক করা হয়। ৭২ বছর বয়সী ওই ব্যক্তিকে আবাসিক ইউনিটের ভেতরে নিথর অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ করা হচ্ছে না। তবে মৃত্যুর বিষয়ে তদন্ত এখনো চলছে।
ঘটনাটি সিঙ্গাপুরের একা বসবাসকারী বয়স্ক মানুষের নিরাপত্তা ও নিয়মিত খোঁজখবর রাখার গুরুত্বও সামনে এনেছে। বিশেষ করে কেউ দীর্ঘদিন একা থাকলে প্রতিবেশী, পরিবার ও সামাজিক সহায়তাকারীদের নিয়মিত যোগাযোগ তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 


















