রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহাবুর হোসেন ওরফে মাহুবুর। তিনি ওই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে মাহাবুরের সঙ্গে তাঁর ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি ও বিরোধ হয়।
একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হাসানুর ছুরি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে মাহাবুর গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে হাসানুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ।
সারাক্ষণ রিপোর্ট 


















