যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের স্যান্ড স্প্রিংস শহরে গুগলের প্রস্তাবিত ডাটা সেন্টার ঘিরে তীব্র মতভেদ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা দেখছে, সেখানে বাসিন্দাদের বড় অংশ বিদ্যুৎ বিল বৃদ্ধি, কৃষিজমির ক্ষতি এবং পানি ব্যবহারের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
ডোনেশন ফিরিয়ে দিয়ে বার্তা
এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে রক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ বিভাগের একটি সিদ্ধান্ত। বার্ষিক বাজেট যেখানে তুলনামূলকভাবে কম, সেখানে গুগলের পক্ষ থেকে দেওয়া বড় অঙ্কের অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় তারা। বিভাগটির প্রধান চার্লি পিয়ারসন জানান, এই অর্থ গ্রহণ করলে স্থানীয় জনগণের আস্থার বিরুদ্ধে যেতে হতো। দীর্ঘদিন ধরে যেসব মানুষ তাদের সমর্থন দিয়েছেন, তাদের পাশেই থাকার সিদ্ধান্ত নেয় পুরো দল।

কৃষিজমিতে শিল্প প্রকল্প, ক্ষোভ বাসিন্দাদের
প্রস্তাবিত ডাটা সেন্টারটি প্রায় ৮২৭ একর কৃষিজমিতে গড়ে তোলা হবে, যা সম্প্রতি শিল্প ব্যবহারের জন্য পুনর্বিন্যাস করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি। অনেকেই মনে করছেন, কৃষিজমিকে শিল্প এলাকায় রূপান্তর ভবিষ্যতে পরিবেশ ও খাদ্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিদ্যুৎ ও পানির চাপ নিয়ে উদ্বেগ
ডাটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। গবেষণা বলছে, ভবিষ্যতে এসব কেন্দ্র বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। স্যান্ড স্প্রিংসের অনেক বাসিন্দা আশঙ্কা করছেন, এতে তাদের দৈনন্দিন খরচ বাড়বে।
অন্যদিকে শহর কর্তৃপক্ষ দাবি করেছে, এই অঞ্চলে পর্যাপ্ত পানি মজুদ রয়েছে এবং ডাটা সেন্টারের কারণে সংকট তৈরি হবে না।
আইনি লড়াই ও গণবিক্ষোভ

ডাটা সেন্টার নির্মাণ ঠেকাতে স্থানীয়দের একটি অংশ ইতিমধ্যে মামলা করেছে। তারা জমি অধিগ্রহণ ও পুনর্বিন্যাস প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে শহর পরিষদের সদস্যদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহের উদ্যোগও চলছে। একাধিক গণশুনানিতে শত শত মানুষ অংশ নিয়ে প্রকল্পের বিরোধিতা করেছেন।
স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
এই প্রকল্পে গোপনীয়তা চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, এতে তথ্য গোপন রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। যদিও শহর প্রশাসনের দাবি, বড় বিনিয়োগ প্রকল্পে এ ধরনের চুক্তি স্বাভাবিক এবং আইন মেনেই সব কিছু করা হয়েছে।

গুগলের দাবি, উন্নয়ন ও কর্মসংস্থান
গুগল জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নির্মাণ পর্যায়ে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে প্রযুক্তি ও সেবা খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শহরের অর্থনীতি ও শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
জাতীয় প্রবণতার প্রতিফলন
স্যান্ড স্প্রিংসের এই বিরোধ কেবল একটি শহরের ঘটনা নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রজুড়ে গ্রামাঞ্চলে ডাটা সেন্টার স্থাপন নিয়ে যে বিতর্ক চলছে, তারই প্রতিফলন। প্রযুক্তি উন্নয়নের সঙ্গে স্থানীয় জীবনের ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















