ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুই দিনের নাটকীয় অভিযানে উদ্ধার করেছে মার্কিন বিশেষ বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প রোববার ভোরে এটিকে ‘ইস্টার মিরাকল’ বলে অভিহিত করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ-পশ্চিম ইরানে এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমানটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়। দুজন ক্রু সদস্য ইজেক্ট করতে সক্ষম হন। পাইলটকে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হলেও অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা (ডব্লিউএসও) জাগরোস পর্বতমালায় পালিয়ে থাকেন। ডেল্টা ফোর্স ও সিল টিম সিক্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এই উদ্ধার অভিযানে অংশ নেন।

ভারী গোলাগুলির মধ্যে উদ্ধার, ইরান সি-১৩০ ধ্বংসের দাবি
উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর সঙ্গে ভারী গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। মার্কিন বাহিনী ইসফাহান প্রদেশে একটি পরিত্যক্ত কৃষি বিমানবন্দরকে সাময়িক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। দুটি সি-১৩০ বিমান বালিতে আটকে যাওয়ায় মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে। ইরান দাবি করেছে, তারা একটি সি-১৩০ ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং তিনজন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। ইরানি সংসদ স্পিকার গালিবাফ মার্কিন অভিযান নিয়ে বিদ্রুপ করে বলেছেন, এভাবে আরও তিনটি জয় হলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা ২০০৩ সালের পর প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান শত্রু গুলিতে ভূপাতিত হওয়ার নজির।
সারাক্ষণ রিপোর্ট 



















